ফেসবুকের মাধ্যমে লিমাকে ফিরে পেল পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহযোগিতায় হারিয়ে যাওয়া ১৩ বছর বয়সী লিমা খাতুনকে ১১ দিন পর ফিরে পেল তার পরিবার। লিমা সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের জুগিবাড়ি গ্রামের তাঁত শ্রমিক লিটন হোসেনের মেয়ে।

লিমার পরিবার জানায়, গত ২১ নভেম্বর লিমাকে তার দরিদ্র বাবা ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজে পাঠায়। কিন্তু লিমা ইট পাথরের শহুরে জীবনে নিজেকে খাপ খাওয়াতে না পেরে ২৪ নভেম্বর কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। পরে খোঁজাখুঁজি করেও লিমাকে পাওয়া যাচ্ছিল না। ঘটনাটি জানার পর গত সোমবার স্থানীয় সমাজকর্মী মামুন বিশ্বাস লিমার নিখোঁজ হওয়ার বিষয়টি তাঁর ফেসবুক পেজে ছবিসহ পোস্ট করে স্ট্যাটাস দেয়। ওই দিন রাতেই মহাখালী থেকে তারেক রহমান নামের এক ব্যক্তি মামুনকে ফোন করে ঠিকানা নেন। এবং লিমাকে সিরাজগঞ্জে পাঠিয়ে দেন।

এ বিষয়ে লিমা ভাষ্য, বাসা থেকে বের হয়ে শহরের বিভিন্ন জায়গার সে ঘোরাঘুরি করেছে। কাউকেই চিনতে পারেনি। বাড়িতে আসার চেষ্টা করেও আসতে না পারায় অনেক কান্নাকাটি করে। এ সময় তারেক রহমান নামের একজন তাকে তাঁর বাসায় নিয়ে যায়। পরে সেখান থেকে বাড়িতে ফিরত পাঠায়।

এ বিষয়ে মামুন বিশ্বাস বলেন, গতকাল সোমবার বিকেলের দিকে ফেসবুকে পোস্ট দিলে দ্রুত শেয়ার হতে থাকে। রাতে বিষয়টি তারেক রহমানের নজরে এলে তিনি ঠিকানা পেয়ে ফোন করে নিশ্চিত হওয়ার পর আজ লিমাকে সিরাজগঞ্জের একটি গাড়িতে তুলে দেন। আমরা তাকে নিয়ে আসি।

লিমার বাবা লিটন মিয়া জানান, মেয়েকে ফিরে পাওয়াটাই বড় সান্ত্বনা। যাদের সহযোগিতায় মেয়েকে ফিরে পেয়েছেন তাদের তিনি ধন্যবাদ জানান।