ফেসবুকের লেখা ধরে তদন্ত এগোচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজিম উদ্দিন হত্যাকাণ্ড
নাজিম উদ্দিন হত্যাকাণ্ড

জঙ্গিবাদ, ধর্মান্ধতা নিয়ে ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ধরেই অনলাইন অ্যাকটিভিস্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিন হত্যার তদন্ত এগোচ্ছে। তবে তিন দিনেও পুলিশ এই হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি।
এদিকে নাজিম উদ্দিন হত্যার বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ রোববার ছাত্র ধর্মঘট ডেকেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, ২০১৩ সালের শুরু থেকে নাজিম উদ্দিন সিলেটে গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। তখন থেকে তিনি জঙ্গিবাদ ও ধর্মান্ধতার সমালোচনা করে ফেসবুকে লিখেছেন। সর্বশেষ ৩ এপ্রিল তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করে মাত্র দুই মাস আগে ঢাকায় এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সন্ধ্যাকালীন কোর্সে (এলএলএম) ভর্তি হন তিনি। ফেসবুকে লেখালেখির কারণে সিলেটেই তিনি উগ্রপন্থীদের কোপানলে পড়েন। সেখান থেকে দুর্বৃত্তরা তাঁকে অনুসরণ করছিল। পরে সুযোগ বুঝে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একরামপুরে তাঁর ওপর হামলা চালানো হয়।
নাজিম উদ্দিন হত্যা মামলাটি সূত্রাপুর থানা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, লেখালেখির কারণে জঙ্গিগোষ্ঠী নাজিমকে হত্যা করেছে। তিনি বলেন, নাজিমের ফেসবুক স্ট্যাটাস আমলে নিয়ে মূলত তদন্ত এগোচ্ছে। তবে এই হত্যায় কাউকে শনাক্ত করা যায়নি।
নুরুল ইসলাম বলেন, নাজিম উদ্দিন গেন্ডারিয়ার রজনী চৌধুরী সড়কের একটি ভবনের ছয়তলার একটি বাসায় আরও কয়েকজনের সঙ্গে ভাড়া থাকতেন। ওই বাসার বাসিন্দাসহ পুরো ভবনের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নাজিম উদ্দিন মাত্র দুই মাস আগে ওই বাসায় উঠেছিলেন। সহবাসিন্দারা তাঁর সম্পর্কে সামান্যই জানেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর গতকাল বলেন, গত বৃহস্পতিবার রজনী চৌধুরী রোডের ওই বাসা থেকে নাজিমের লেখা একটি ডায়েরি জব্দ করা হয়েছে। নাজিমের ফেসবুক পাতায় ধর্ম নিয়ে লেখালেখি আছে। সিলেটে স্থানীয়ভাবে, পারিবারিক বা সামাজিক বলয়ে কারও সঙ্গে নাজিমের শত্রুতা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের ওয়ারী অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নুরুল আমিন প্রথম আলোকে বলেন, বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে নাজিম ও তাঁর বন্ধু সোহেল আহমেদ হেঁটে ফিরছিলেন। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি পুলিশকে জানিয়েছেন, নাজিমের কিছুটা পেছনে ছিলেন তিনি। একরামপুরে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত নাজিমের ওপর হামলা চালায়। এ সময় ভয়ে তিনি পেছনের দিক দৌড় দিয়ে পালিয়ে যান।
ছাত্র ধর্মঘট: নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের পর গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ-অবরোধ করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র রুহুল আমিন প্রথম আলোকে বলেন, হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই আজ রোববার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে।
ব্রিটিশ মন্ত্রীর নিন্দা: নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ-বিষয়ক মন্ত্রী টোবিয়াস এলউড। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘সহিংসতা কোনো কিছুর জবাব হতে পারে না। বাংলাদেশের সব নাগরিকের বেঁচে থাকার অধিকার অবশ্যই সমুন্নত রাখতে হবে, যেমনটা সমুন্নত রাখতে হবে মতপ্রকাশ এবং খোলামেলা বিতর্কের অধিকার।’ জঙ্গিবাদ ও সব ধরনের সহিংস চরমপন্থা দমনে বাংলাদেশ সরকারের প্রতি ব্রিটেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করে ব্রিটিশ মন্ত্রী।