রামগঞ্জে শুভেচ্ছার ব্যানার ও ফেস্টুনে নির্বাচনী মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভেচ্ছা জানিয়ে লাগানো ডিজিটাল ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা। রাজনৈতিক দলের নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-মহড়া শুরু করেন ব্যানার-ফেস্টুনের মাধ্যমে।

রামগঞ্জ পৌরসভা ও ১০টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় লাগানো হয়েছে বিভিন্ন সাইজের হাজার হাজার ব্যানার-ফেস্টুন। বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা এসব ব্যানার লাগিয়ে শুভেচ্ছা জানান। আবার ছাত্রদল-ছাত্রলীগ, যুবদল-যুবলীগের নেতা-কর্মীরাও নেতাদের তোষামোদ করে লাগিয়েছেন ব্যানার-ফেস্টুন।

গত শনিবার রামগঞ্জে গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান রামগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন সাঁটিয়েছেন। তিনি গত দুটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ মমিন পাটওয়ারী ও জেলা শাখার সিনিয়র সহসভাপতি সফিকুর রহমানও প্রতিটি এলাকায় ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন।

অপর দিকে পিছিয়ে নেই বিএনপির মনোনয়নপ্রত্যাশীরাও। বর্তমান সংসদ নাজিম উদ্দিন আহমেদ, যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইমাম হোসেন ও স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের আহ্বায়ক ইয়াছিন আলী।

এ ছাড়া সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী বিএনপি থেকে বহিষ্কৃত জিয়াউল হক জিয়া ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ব্যানার-ফেস্টুন লাগিয়ে নির্বাচনী মহড়া দেন।

জানতে চাইলে আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান বলেন, এলাকার মানুষকে শুভেচ্ছা জানাতে পোস্টার-ব্যানারগুলো দেওয়া হয়েছে।

এম এ মমিন পাটওয়ারী বলেন, ‘আমি এলাকায় কাজ করছি। নেত্রীর সালাম দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যানার-পোস্টার লাগিয়েছি।’

সফিকুর রহমান বলেন, ‘রামগঞ্জবাসীর সুখে-দুঃখে সব সময় আমি কাছে ছিলাম। রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে রামগঞ্জবাসীর কাছে আমি ৭০ হাজার লিফলেট বিতরণ করেছি।’

যোগাযোগ করা হলে ইমাম হোসেন বলেন, ‘এলাকাবাসীকে অভিনন্দন জানিয়ে ব্যানার-পোস্টারগুলো লাগানো হয়েছে। উজ্জীবিত নেতা-কর্মীরা আমার পক্ষে শুভেচ্ছা জানিয়ে এগুলো লাগিয়েছেন।’

বিএনপির বর্তমান সাংসদ নাজিম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘একদলীয় নির্বাচন প্রতিহত করতে জনগণকে কাছে রাখতে হবে। এ জন্য তাদের আকৃষ্ট করতে আমার সমর্থকেরা অভিনন্দন জানিয়েছেন।’

প্রবীণ স্কুলশিক্ষক আবদুল মালেক বলেন, নির্বাচন এলে অনেক মনোনয়নপ্রত্যাশী ব্যানার-ফেস্টুনের মাধ্যমে নিজকে প্রচার-প্রকাশ করে থাকেন। পরে অবশ্য অনেক নেতা আর এলাকাও আসেন না।