ফোনে অভিযোগ শুনে 'অদ্ভুত' সমাধান তিতাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির ছয়তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার মাত্র তিন ঘণ্টা আগে তিতাস গ্যাস লিমিটেডের অভিযোগকেন্দ্রের ৯৫৬৩৬৬৭ নম্বরে ওই সড়কের গ্যাসপাইপ থেকে গ্যাস বের হওয়ার অভিযোগ করেন ভবনটির মালিক শামসুল আলমের সহকারী কামরুল ইসলাম। কিন্তু অভিযোগ আমলেই নেননি তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মী। কথোপকথনের সেই অডিও রেকর্ড প্রথম আলোর কাছে আছে।

অভিযোগ শুনে তিতাসের সংশ্লিষ্ট কর্মী অভিযোগকারীকেই শ্রমিক জোগাড় করতে বলেন। শ্রমিক জোগাড় করতে না পারলে রাতে কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দেন। এ পর্যায়ে অভিযোগকারীর কাছে জিজ্ঞেস করা হয়, যেখানে লিক হয়েছে, সেখানে মাটিচাপা দেওয়া হয়েছে কি না। অভিযোগকারী বললেন, এতে কাজ হয়নি। তখন তিতাসের ওই কর্মী বলেন, শ্রমিক জোগাড় করতে পারলে তাঁরা যাবেন, নইলে তাঁরা যেতে পারবেন না।

তিতাসের কাছে অভিযোগ জানানোর প্রায় তিন ঘণ্টা পর ওই গ্যাসলাইন বিস্ফোরণে অভিযোগকারীর বাসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাড়ির মালিক ও আশপাশের বাসিন্দারা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন বলছে, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নিলে দুর্ঘটনাটি এড়ানো যেত।

কথোপকথন থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টা ৫২ মিনিটে ফোন করার পর অভিযোগকারীকে কয়েক মিনিট অপেক্ষা করতে বলা হয়। এরপর বিস্তারিত শুনে অভিযোগ গ্রহণকারী তিতাসের কর্মী বলেন, ‘এখন আর কী করার! মাটি কাটা আছে? লেবার (শ্রমিক) আছে? উন্মুক্ত করে দিতে পারবেন? পাইপ বাইর করে দিতে পারবেন?’

এর জবাবে অভিযোগকারী কামরুল ইসলাম বলেন, ‘এখন লেবার পাব কই?’

জবাবে তিতাস গ্যাসের কর্মকর্তা বলেন, ‘আমরাও বইস্যা আছি। লেবার নাই, আমরা কাজ করতে পারছি না।’ এ কথা বলে আবারও তিনি অভিযোগ জানতে চান। কখন অভিযোগ করা হয়েছে, কার নামে অভিযোগ দেওয়া হয়েছে বিস্তারিত জানতে চাওয়া হয়।

ঠিকানা যাচাই করে কামরুল ইসলামের কাছে তিতাস গ্যাসের কর্মী বলেন, ‘মাটিচাপা দিছেন?’ কাজ হয় না জানালে কামরুলকে বলা হয়, ‘আছে কেউ? লেবার মাটি খুঁড়ে দিতে পারে, তাহলে সম্ভব। না হলে রাতের বেলা সম্ভব হবে না? দেখেন, দেখে জানান।’

এর আগে ওই দুই দফা তিতাসে অভিযোগ করেন শামসুল আলম। সকালে প্রথম দফা ও বেলা তিনটার দিকে দ্বিতীয় দফা অভিযোগ করেন শামসুল আলম। অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়া এবং পরবর্তী সময়ে গ্যাস বিস্ফোরণের কারণে বাড়ির ক্ষয়ক্ষতির ঘটনায় শামসুল আলম তিতাস গ্যাসের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন।

বাড়ির বাসিন্দা ও এলাকাবাসীর অভিযোগ, রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজের সময় গ্যাসলাইন ফুটো হয়ে যায়। গ্যাসলাইনের ওই ফুটো থেকেই আগুন লেগেছে।

এই বিস্ফোরণের দায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ একে অন্যের ওপর চাপাচ্ছে।

এ ব্যাপারে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ বলেন, তিতাস গ্যাসের অভিযোগকেন্দ্র থেকে যিনি শ্রমিক পাঠানোর কথা বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবনের বাসিন্দাদের অভিযোগ পাওয়ার পরও তিতাস গ্যাস ব্যবস্থা নেয়নি, কথাটি ঠিক না বলেও তিনি দাবি করেন।

এইচ এম আলী আশরাফ বলেন, প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, ভবনটি সংলগ্ন স্যুয়ারেজের পাইপ দিয়ে গ্যাস ওপরে উঠে গেছে। তিনি অভিযোগ করেন, গ্যাসের লাইন ফুটো হওয়ার কথা ওয়াসা তাঁদের জানায়নি। জানালে ব্যবস্থা নেওয়া যেত।

ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (এডিএম) কামরুল আলম চৌধুরী বলেন, তাঁরা রাস্তায় খোঁড়াখুঁড়ি করে পাইপ বসানোর কাজ করছিলেন না।

বিস্ফোরণের দায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে জানান ডিএনসিসির মেয়র আনিসুল হক। শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে তিনি বলেন, বিস্ফোরণের দায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। তিতাস গ্যাসের পরিচালকের (অপারেশন) সঙ্গে বৈঠকে জানানো হয়েছে যে সিটি করপোরেশনের ঠিকাদার গ্যাস লিক হওয়ার বিষয় উল্লেখ করে তিন দিন আগে লিখিত অভিযোগ তিতাস গ্যাসকে জানিয়েছিলেন। তারা কোনো ব্যবস্থা নেয়নি।