ফোনে, ফেসবুকে নারীকে হয়রানি

অচেনা নম্বর থেকে ঘন ঘন ফোন আসছে তাঁর কাছে। ঘটনার শিকার নারী যখন যেখানে যাচ্ছেন, সেখানেই ফোন বেজে উঠছে। ফোনের অপর প্রান্ত থেকে পুরুষ কণ্ঠ বলছে, আপনি এখন ‘অমুক’ জায়গায়। আমরা আপনাকে দেখতে পাচ্ছি। আতঙ্কে, অস্বস্তিতে নারীটি এখন বাড়ি থেকে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। প্রযুক্তি ব্যবহার করে এখন স্কুলপড়ুয়া মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীদের উত্ত্যক্ত করছে বখাটেরা।
প্রথম আলোকে ওই নারী বলেন, ‘কী যে অস্বস্তি! সারাক্ষণ আমি নজরদারিতে আছি।’ ওই নারী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থার সাহায্য চেয়েছেন। বিটিআরসি ওই নারীকে কম দামি ফোন ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিটিআরসি বলছে, দামি ফোনগুলোয় ব্যবহারকারীর অবস্থান সহজেই নির্ণয় করা সম্ভব।
পুলিশ, বিটিআরসি, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি বলছে, মুঠোফোন, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম এখন নারীদের হয়রানির অন্যতম অস্ত্র হয়ে উঠেছে। অপরাধীরা হয়রানি করতে শুধু মুঠোফোনে অনুসরণই করছে না, নারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কার সঙ্গে বন্ধুত্ব করছে, কী স্ট্যাটাস দিচ্ছে, কী ছবি আপলোড করছে—সবই নজরদারিতে রাখছে।
সাইবার অপরাধ তদন্তের দায়িত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান বলেছেন, নারীরা একেবারে নিরুপায় হয়ে না পড়লে সাধারণত অভিযোগ করছেন না। গত তিন মাসে ঢাকা মহানগর পুলিশ বরাবর ১০টি অভিযোগ জমা পড়েছে। বিটিআরসিতে ২০১৩ সাল থেকে অভিযোগ জমা পড়তে শুরু করে। প্রথম বছর অভিযোগ পড়েছিল ৫টি, পরের বছর ৪৫টি। এ বছরের প্রথম ছয় মাসে ২২টি অভিযোগ জমা পড়েছে। বাংলাদেশে টেক ব্যাক দ্য টেকের সমন্বয়ক সাজিয়া আফরিন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছি এ ব্যাপারে প্রশিক্ষণ দিতে। সব জায়গাতেই মেয়েরা হয়রানির অভিযোগ তুলেছেন।’ নারীদের সতর্কতার সঙ্গে প্রযুক্তির ব্যবহার শেখাতে বিশ্বব্যাপী কাজ করছে টেক ব্যাক দ্য টেক।
কে কীভাবে হয়রানির শিকার: সম্পর্ক ভেঙে যাওয়ার পর অসতর্ক মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপস ছড়িয়ে দেওয়ার জন্য মামলা চলছে। এক নারী ব্যাংক কর্মকর্তা ওই ঘটনার শিকার।
ঢাকার অভিজাত দুটি পরিবারের কিশোর-কিশোরী শারীরিক সম্পর্ক মুঠোফোনে ধারণ করেছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছেলেটি ওই ভিডিও অনলাইনে প্রচার করে। মেয়েটিকে তার পরিবার বিদেশে পাঠিয়ে দিয়েছে। ছেলেটি এখন জেলে। সম্প্রতি গোয়েন্দা পুলিশের দ্বারস্থ হয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের অন্যতম শীর্ষ নারী কর্মকর্তা। অফিসের বিভিন্ন অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে ছবি তুলেছিলেন তিনি। ফটোশপ করে সেই ছবি বিকৃত করে ই-মেইলে নানা জায়গায় পাঠানো হচ্ছিল। পরে তদন্তে জানা যায়, অধস্তন কর্মকর্তাকে চাকরিচ্যুত করায় খেপে গিয়ে তিনি ওই কাণ্ড ঘটিয়েছেন।
একটি প্রতিষ্ঠান থেকে আর্থিক অনিয়মের জন্য চাকরি চলে যাওয়া এক ব্যক্তি ঊর্ধ্বতন নারী কর্মকর্তার ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় আপত্তিকর ছবি পাঠাচ্ছিলেন। এই অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।
আইন আছে, মামলা হচ্ছে না: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এ ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে মিথ্যা বা অশ্লীল কিছু প্রকাশে নিষেধাজ্ঞা আছে। আইন লঙ্ঘন করলে ১৪ বছর পর্যন্ত জেলও হতে পারে। হয়রানির ঘটনাগুলোয় সাধারণত তথ্যপ্রযুক্তি আইন বা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনগত সহযোগিতা দেয় এমন প্রতিষ্ঠানগুলো বলছে, মামলা হচ্ছে খুবই কম।
নিরাপদ থাকার উপায়: হয়রানির শিকার যে কেউ সরাসরি বিটিআরসিতে যোগাযোগ করতে পারেন বলে জানান বিটিআরসির সহকারী পরিচালক জাকির হোসেন। বিটিআরসি ই-মেইলে বা ফোনে অভিযোগ শোনেন। বিটিআরসির কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্স রেসপন্স টিম সমস্যাগুলো সমাধান করে থাকে। বিটিআরসির ফোন নাম্বার ০২-৭১৬২২৭৭। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১০৯২১-এ ফোন করলে গোপনীয়তা রক্ষা করে সমস্যার সমাধান করা হয়।