ফোনে মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা I নরেন্দ্র মোদি
শেখ হাসিনা I নরেন্দ্র মোদি

ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান৷
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং গুজরাটের মুখ্যমন্ত্রীর কার্যালয় গুজরাট ভবন এক বিজ্ঞপ্তিতে তাঁদের ফোনালাপের তথ্য জানান৷
মাহবুবুল হক বলেন, গতকাল বাংলাদেশ সময় সকাল নয়টায় নরেন্দ্র মোদিকে ফোন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সরকার, জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানান৷
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মাহবুবুল হক জানান, বাংলাদেশ সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সমস্যা সমাধানে দুই দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
এদিকে গুজরাট ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দিনে বাংলাদেশের এক মহান বন্ধু ভারতের নেতৃত্ব িদচ্ছে এটি উল্লেখ করে শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেন৷ তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি মনে হবে নরেন্দ্র মোদির৷ এ ছাড়া প্রথম সফর হিসেবে বাংলাদেশকে বেছে নেবেন নরেন্দ্র মোদি৷
জানা গেছে, বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি৷
প্রসঙ্গত, গত শুক্রবার বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার দুই দিনের মাথায় তাঁকে ফোনে অভিনন্দন ও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷