ফোরকানের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন ১৪ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর ফোরকান মল্লিককে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৪ আগস্টের মধ্যে তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ফোরকান মল্লিককে গতকাল বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি 

মোখলেছুর রহমান ও তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন রায় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল ফোরকানকে আইনজীবী নিয়োগ দিতে বললে ফোরকান বলেন, ‘আমি গরিব মানুষ। আইনজীবী নিয়োগ দেব কীভাবে? আমার ভাতিজা একটা মামলা করে, ওই মামলাকেই মানবতাবিরোধী অপরাধের মামলা হিসেবে চালিয়ে দেয়।’

পরে ট্রাইব্যুনাল তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে ফোরকানকে কারাগারে পাঠান।
গত ২৫ জুন পরোয়ানাভুক্ত আসামি ফোরকান মল্লিককে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছইলাবুনিয়া গ্রামে। একাত্তরে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগে ২০০৯ সালের ২১ জুলাই তাঁর বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ মল্লিক একটি মামলা করেন। গ্রেপ্তারের পর ফোরকানকে পটুয়াখালীর আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠান। ২৫ জুন মামলাটি মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার কাছে পাঠানো হলে তদন্ত শুরু হয়। ৩০ জুন রাষ্ট্রপক্ষ ফোরকানকে ট্রাইব্যুনালে হাজির করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।