ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির উপায় নিয়ে চট্টগ্রামে সভা
চট্টগ্রামে ‘ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি: প্রতিবন্ধকতা ও নিরসনের উপায়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা জজশিপ ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা। চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. সিরাজুদ্দৌলা কুতুবী, অতিরিক্ত জেলা সরকারি কৌঁসুলি নাছির উদ্দিন ও আবদুর রশিদ। এ ছাড়া বেশ কয়েকজন সরকারি কৌঁসুলি সভায় তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত থাকা চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকারি কৌঁসুলিদের বক্তব্যে ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তিতে যেসব প্রতিবন্ধকতা উঠে আসে তা তুলে ধরে নিরসনের জন্য বলা হয়। যেমন পুলিশের তদন্ত প্রতিবেদন দেরিতে আসা ও পরোয়ানা জারি করলেও পুলিশ সাক্ষীদের ধার্যদিনে হাজির করতে না পারা।