মামলার জট কমাতে ফৌজদারি অপরাধের তদন্তে পুলিশের অধীনে একটি পৃথক তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। দ্রুত মামলার তদন্ত শেষ করতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে এই প্রস্তাব করা হয়েছে।
এ-সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের প্রতিবেদনটি গতকাল বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়েছে। সংসদ ভবনে কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত না থাকায় কমিটি এ বিষয়ে কোনো সুপারিশ করেনি।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, আইন ও বিচার বিভাগের সলিসিটর (পরামর্শক) এ কে এম সলিমুল্লাহর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি এই প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়েছে, থানার বিভিন্ন ধরনের কাজের ব্যস্ততার কারণে পুলিশের পক্ষে নির্ধারিত সময়ে ফৌজদারি মামলার তদন্তকাজ শেষ করা সম্ভব হয় না। যে কারণে মামলার বিচারকাজে বিলম্ব হয়। শেষ পর্যন্ত দায় সারতে পুলিশ তড়িঘড়ি করে ত্রুটিপূর্ণ প্রতিবেদন জমা দেয়। বিলম্বে প্রতিবেদন দেওয়ার কারণে অনেক সময়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায় না। এতে অপরাধীরা সহজে খালাস পেয়ে যায়। এ অবস্থায় ফৌজদারি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পৃথক একটি তদন্ত সংস্থা গঠন আবশ্যক।
জানতে চাইলে কমিটির সদস্য তাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে জানান, বর্তমানে আদালতের যে পরিমাণ মামলা জট, তা কমাতে হলে বিচারক নিয়োগ দিতে হবে। একই সঙ্গে মামলার তদন্তকাজ যাতে সুষ্ঠু ও দ্রুত হয়, সে জন্য পৃথক তদন্ত সংস্থা গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কমিটি এ বিষয়ে এখনো কোনো সুপারিশ করেনি। কারণ, এ ধরনের সংস্থা গঠনের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সবার সঙ্গে আলোচনা করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নের প্রস্তাবও করা হয়েছে। বলা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে সাধারণ সাক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সাহস পান না। রাষ্ট্র সাক্ষীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে অপরাধীরা সাক্ষ্যের অভাবে খালাস পেয়ে যাবে, বিষয়টি দেশের বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি। সে জন্য সাক্ষীদের নিরাপত্তার জন্য ‘সাক্ষী সুরক্ষা আইন’ প্রণয়ন জরুরি।
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য সাহারা খাতুন, তাজুল ইসলাম চৌধুরী ও শামছুল হক এবং আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত ছিলেন।