ফেয়ার ইয়ার্নের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠান ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জসিম উদ্দিনসহ সাতজনের বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকটির প্রায় সাত কোটি টাকা আত্মসাতের মামলায় আজ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে সংস্থাটি।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, চলতি সপ্তাহেই তাঁদের বিরুদ্ধে বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।

বিকেবির কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ব্যাংক থেকে ছয় কোটি ৮৮ লাখ নয় হাজার ৩১২ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০১৭ সালের ৪ আগস্ট একটি মামলা করেন দুদকের উপপরিচালক সামছুল আলম। ২৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই দিন আরও একটি মামলা হয়। মামলার পরপরই ওই দিন গভীর রাতে দুদকের উপপরিচালক মো. সামছুল আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গুলশানের বাসা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে।

প্রায় সাত কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা সামছুল আলম। তাঁর সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে।

অভিযোগপত্র আসামি করা হয়েছে, রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হজরত আলী, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন, বিকেবির কারওয়ান বাজার শাখার সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মো. আবুল হোসেন, প্রিন্সিপাল অফিসার (পিও) গোলাম রসুল, সাবেক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সারোয়ার হোসেন, সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জুনায়েদ মনজুর এবং বিকেবির উত্তরা শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার মো. আজিজুর রহমান।

এর আগে গতকাল সোমবার ২৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে কমিশন।