ফেয়ার প্রাইস কার্ডে চাল বিক্রি শুরু আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম শুরু হবে। খাদ্য বিভাগের নির্ধারিত ডিলারদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে এবং তা তদারকিতে সহায়তা করবেন মহাজোটের নেতা-কর্মীরা। খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রমও সম্প্রসারিত করা হচ্ছে। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক গতকাল বুধবার ফেয়ার প্রাইস কার্ড-সংক্রান্ত এক সভা শেষে এসব কথা জানান।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ রাজধানীর সব আসনের সাংসদেরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, সভায় সাংসদেরা দ্রুত ফেয়ার প্রাইস কার্ড চালু করার জন্য খাদ্যমন্ত্রীকে পরামর্শ দেন। তাঁরা ওএমএস ও ফেয়ার প্রাইস কার্ডের সমন্বয় করে পর্যায়ক্রমে রেশনিং চালু করার সুপারিশ করে বলেন, এতে শহরের দরিদ্র মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। সভায় আওয়ামী লীগসহ মহাজোটের অন্তর্ভুক্ত বিভিন্ন দলের অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।ফেয়ার প্রাইস কার্ড ও ওএমএসে দলীয়করণ হয়েছে—সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, কোথাও কোনো দলীয়করণ হয়নি। যাঁদের ডিলার হওয়ার যোগ্যতা রয়েছে, তাঁরাই ডিলার হয়েছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের কোথাও খাদ্যের কোনো সংকট নেই। কোথাও কেউ না খেয়ে থাকছে না।ঢাকা মহানগরে পাঁচ লাখ ৮০ হাজার ফেয়ার প্রাইস কার্ড বিতরণের কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এগুলোর মাধ্যমে চাল বিতরণ এবং ওএমএসকে আরও জোরালো করা হবে। ফেয়ার প্রাইস কার্ড এখনো চালু করা যাচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ব্যর্থ এ কথা বলব না। তবে চালের কিছু ঘাটতি ছিল। আন্তর্জাতিক বাজারে গমের দাম বেড়ে যাওয়ায় ঈদের পর চালের দামও বেড়েছে।’