ফেয়ার প্রাইস কার্ডে চাল বিক্রির কার্যক্রম তিন দিন পেছাল
ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে শহুরে দরিদ্র ব্যক্তিদের মধ্যে স্বল্পমূল্যে চাল বিক্রির কার্যক্রম তিন দিন পেছানো হয়েছে। ১৬ আগস্ট সারা দেশে এ কার্যক্রম শুরুর কথা ছিল। এর পরিবর্তে ১৯ আগস্ট এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।জানা গেছে, ১৯ আগস্ট থেকে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে ঢাকা মহানগর, ছয়টি বিভাগীয় শহর ও জেলা শহরের দরিদ্র মানুষের মধ্যে ২৪ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। প্রাথমিকভাবে নিয়ম করা হয়েছিল, প্রত্যেক কার্ডধারী প্রতি মাসে একবারে ২০ কেজি চাল কিনতে পারবেন। এ নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। এখন প্রত্যেক কার্ডধারী দুই কিস্তিতে ওই পরিমাণ চাল নিতে পারবেন।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগরের তিন লাখ ৬৬ হাজার ৪১১ জনসহ সারা দেশে আট লাখ ৫৬ হাজার ৬৭৮ জন দরিদ্র ব্যক্তির মধ্যে ফেয়ার প্রাইস কার্ড বিতরণ করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে। এ কার্ডের মাধ্যমে চাল বিক্রির কার্যক্রমের জন্য ঢাকা মহানগরে ২৬৯ জন, ঢাকার পার্শ্ববর্তী ১৭টি ইউনিয়নে ১৭ জনসহ সারা দেশে ৮৬১ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে প্রায় ২০ হাজার টন চাল বিক্রি করা হবে।খাদ্য বিভাগের বিতরণ বিভাগের পরিচালক বদরুল আহসান প্রাইস কার্ডের মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম তিন দিন পেছানোর বিষয়টি নিশ্চিত করেন।ওএমএসে চাল বিক্রির সময়সূচিতে পরিবর্তন হচ্ছে না: খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রমে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো রাজধানীতে ১০০টি ট্রাক নামানো হয়। সারা দেশে মোট ২৬৫টি ট্রাক ও ২০ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হয়। রমজান মাস উপলক্ষে চাল বিক্রির কার্যক্রমের সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। খাদ্য বিভাগ সূত্র জানায়, ইফতারের সময় আধা ঘণ্টা বিরতি দিয়ে চাল শেষ না হওয়া পর্যন্ত বিক্রির কার্যক্রম চলবে।এ ব্যাপারে বদরুল আহসান প্রথম আলোকে জানান, প্রতি ট্রাকে যে তিন টন চাল দেওয়া হচ্ছে, তা শেষ হওয়ার আগ পর্যন্ত বিক্রির কার্যক্রম চলবে। প্রয়োজনে চাল ও ট্রাকের সংখ্যা বাড়ানো হবে।