ফেয়ার প্রাইসের বেশির ভাগ ডিলারই আওয়ামী লীগের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কার্ডের মাধ্যমে হতদরিদ্র লোকজনের মধ্যে সরকার-নির্ধারিত দামে খাদ্যশস্য বিতরণের (ফেয়ার প্রাইস) ডিলার রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁদের কেউ কেউ খাদ্যগুদাম থেকে মালামাল তুলে নিয়ে কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেয়ার প্রাইস কমিটির সভাপতি এবং উপজেলা খাদ্য কর্মকর্তা কমিটির সদস্যসচিব। কমিটি উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে ফেয়ার প্রাইসের মোট ১৭ জন ডিলার নিয়োগ করেছে। তাঁদের মধ্যে ১১ জনই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। বাকিরা এলাকায় ক্ষমতাসীন দলের সমর্থক হিসেবে পরিচিত।হাজীগঞ্জ খাদ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা চাই থোয়াই প্রু মারমা প্রথম আলোকে জানান, স্থানীয় রাজনৈতিক নেতারা ডিলার হিসেবে যাঁদের নাম দিয়েছেন, তাঁদেরই ডিলারশিপ দেওয়া হয়েছে। তবে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর এ বক্তব্যের সত্যতা অস্বীকার করা হয়েছে।অনুসন্ধানে দেখা গেছে, নিয়োগ পাওয়া ডিলারদের মধ্যে হাটিলা (পূর্ব) ইউনিয়নের ডিলার মো. জহিরুল ইসলাম ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ফখরুল ইসলাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি; হাটিলা (পশ্চিম) ইউনিয়নের ডিলার কামরুল আহসান উপজেলা যুবলীগের সদস্য; বড়কুল (পূর্ব) ইউনিয়নের ডিলার আবু তাহের ভূঁইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং গাজী নূর আহম্মেদ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।অন্যদিকে হাজীগঞ্জ সদর ইউনিয়নের ডিলার হাবিবুর রহমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বাবুল পাটোয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী; বড়কুল (পশ্চিম) ইউনিয়নের ডিলার আনোয়ার হোসেন ও মো. এমরান হোসেন ইউনিয়ন যুবলীগের সদস্য। কালচোঁ (উত্তর) ইউনিয়নের ডিলার মাসুম মিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য এবং রিপন মজুমদার উপজেলা আওয়ামী লীগের সদস্য।বাকি ডিলাররা হলেন: রাজারগাঁও ইউনিয়নের মাসুদ রানা ও লিটন প্রধানিয়া, তালচোঁ (দক্ষিণ) ইউনিয়নের মান্নান গাজী, গন্দব্যপুর (উত্তর) ইউনিয়নের আবুল হোসেন ও মিন্টু মিয়া এবং গন্দব্যপুর (দক্ষিণ) ইউনিয়নের মো. নুরুজ্জামান। একটি ইউনিয়নে কোনো ডিলার নেই।উপজেলার উপখাদ্য পরিদর্শক মোস্তফা কামাল জানান, প্রতিটি ইউনিয়নে লোকসংখ্যার অনুপাত অনুযায়ী এক থেকে দেড় হাজার হতদরিদ্র মানুষের নামের তালিকা করা হয়েছে। একজন ব্যক্তি সপ্তাহে তিন দিন ফেয়ার প্রাইসের মালামাল তুলতে পারবেন। এক দিনে তাঁরা চাল ১০ কেজি এবং গম ১৫ কেজি পর্যন্ত তুলতে পারবেন। চালের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৪ এবং গমের দাম প্রতি কেজি ১৮ টাকা।ইউএনও মো. গাউছুল আজম প্রথম আলোকে জানান, গত ২৬ মে তিনি বড়কুল (পশ্চিম) ইউনিয়নের ডিলার আনোয়ার হোসেন ও এমরান হোসেনের দোকান পরিদর্শনে যান। সেখানে তিনি নিবন্ধন খাতায় নামের তালিকা এবং দোকানে থাকা মালের মধ্যে গরমিল দেখতে পান। পরে ওই দুজন ডিলার চাল ও গম কালোবাজারে বিক্রি করেছেন বলে ইউএনওর কাছে স্বীকার করেন। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে ইউএনও হাজীগঞ্জ বাজারের মেসার্স শাহজাহান ট্রেডার্সে অভিযান চালিয়ে সরকারি খাদ্যগুদামের সিলমোহর লাগানো ফেয়ার প্রাইসের ৩৫ বস্তা চাল এবং ৪৮০টি খালি বস্তা উদ্ধার করেন। এ ঘটনায় গত ৩০ মে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমজাদ উদ্দিন চৌধুরী বাদী হয়ে মেসার্স শাহজাহান ট্রেডার্সের মালিক মো. শাহজাহান মিজিকে আসামি করে মামলা করেন।ইউএনও মো. গাউছুল আজম প্রথম আলোকে জানান, জনবল-সংকটের কারণে তাঁরা কাজ ঠিকমতো তদারক করতে পারছেন না।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন প্রথম আলোকে জানান, সরকারি কর্তৃপক্ষ ডিলার নিয়োগ করেছে। এ ক্ষেত্রে তাঁরা কোনোভাবে প্রভাব খাটাননি।