ফোন করে জানালেন তিনি মরেননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের অদূরে গত বুধবার দুপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ মারা যান। স্থানীয় লোকজন লাশটি রেললাইন থেকে এনে বগুড়া শহরের অস্থায়ী বাস টার্মিনালে রাখে। লাশটি সৎকারের জন্য লোকজন টাকা-পয়সাও দান করে।ওই দিন বিকেলে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তৌফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশটি তাঁর ইউনিয়নের মহিতুর গ্রামের ইসাহাক আলীর (৮২) বলে শনাক্ত করেন। ইসাহাক আলীর মৃত্যুর সংবাদ মুহূর্তেই তাঁর পরিবারের কাছে পৌঁছে যায়, বাড়িতে শুরু হয় মাতম। সন্ধ্যায় ইউপি সদস্য লাশটি নিয়ে তাঁর বাড়িতে যান। এর পরই ঘটে বিপত্তি! পরিবারের লোকজন লাশটি দেখে তাঁকে জানান, লাশটি ইসাহাক আলীর নয়। কিছুক্ষণ পর ইসাহাক আলী ওই ইউপি সদস্যের মুঠোফোনে তাঁর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন। রাতেই লাশটি তাঁরা শান্তাহার রেলওয়ের থানায় পৌঁছে দেন।ইউপি সদস্য তৌফিকুল ইসলাম জানান, রাগের মাথায় তিন বছর আগে ইসাহাক আলী বাড়ি থেকে দিনাজপুরে চলে যান। ঈদের পর তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। ট্রেনে কাটাপড়া নিহত ব্যক্তি ও ইসাহাক আলীর চেহারার মিল ছিল। তাই সেটি ইসাহাকের বলে মনে করেছিলেন তিনি।শান্তাহার জিআরপি থানা সূত্রে জানা গেছে, ওই রাতেই লাশটির প্রকৃত পরিচয় মিলেছে। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশটি তাঁর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির নাম আরমান আলী। তাঁর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দীঘিরপাড় গ্রামে।