ফোনালাপ ইতিবাচক তবে লোক দেখানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিফোন, চিঠি, নির্বাচনকালীন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার প্রস্তাব—কোনো কিছুতেই বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান হবে না বলে মনে করছে জাতীয় পার্টি। দলটি মনে করে, এর সবই লোক দেখানো।

গতকাল শনিবার জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

তবে দুই নেত্রীর টেলিফোনের কথোপকথনকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার। হরতাল কর্মসূচি সম্ভাব্য সংলাপে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার এবং বড় দলগুলোর সংস্কৃতি।

আর জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ মনে করেন, দুই নেত্রীর এ আলোচনায় সব সমস্যার সমাধান হয়ে যাবে না, তবে বরফ গলতে শুরু করেছে। তিনি এও বলেন, ‘আমরা আশা করি, হরতালের পর যখন দুই নেত্রী আলোচনায় বসবেন, তখন নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কেটে যাবে।’

জাপার চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, জাপার চেয়ারম্যান ছয় মাস আগেই দুই নেত্রীকে সংলাপে বসতে চিঠি দিয়েছিলেন। দেরিতে হলেও তাঁরা কথা বলেছেন। এখন দেশকে নির্বাচনের পথে নিতে এবং সংঘাত থেকে বাঁচাতে দুই পক্ষের আন্তরিক সংলাপ প্রয়োজন।

জাপার নীতিনির্ধারণে প্রভাবশালী একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, তাঁরা মনে করেন, দুই দলই সময় ক্ষেপণ করছে।

গতকালের ফোনালাপ এবং এর আগে চিঠি পাঠানো, প্রস্তাব উত্থাপন সবই লোক দেখানো।

প্রায় একই মত দিয়েছেন জাপার আরও কয়েকজন নেতা।