ফোনালাপ ছড়ানোয় ক্ষুব্ধ শামীম ওসমান

নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের বিষয়টি আবারও স্বীকার করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। তবে নূর হোসেনকে পালিয়ে যেতে সহায়তা করার কথা অস্বীকার করেছেন তিনি।
শামীম ওসমান দাবি করেছেন, ওই কথোপকথনের উদ্দেশ্য ছিল, নূর হোসেনকে আদালতে আত্মসমর্পণ করতে রাজি করানো৷ এই কথোপকথনের কথা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন কর্মকর্তাকে তিনি সঙ্গে সঙ্গেই জানিয়েছিলেন৷
কথোপকথনের রেকর্ডটি র্যাবই ছেড়েছে, প্রকারান্তরে এমন দাবি করেন ওসমান। তাঁর কথা, যারা টেপটি ছেড়েছে, তারা নিজেরা বাঁচার জন্যই ছেড়েছে। নূর হোসেনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েও তারা কেন তাঁকে গ্রেপ্তার করেনি, সে প্রশ্নও তুলেছেন শামীম ওসমান৷
ওই কথোপকথনের বিষয়বস্তু নিয়ে গতকাল শুক্রবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে শামীম ওসমানের বক্তব্য ছিল এবং তাতে তিনি কথোপকথনের বিষয় স্বীকার করেন৷ গতকাল সন্ধ্যায় ওসমান তাঁর গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তবে সেখানে প্রথম আলোকে আমন্ত্রণ জানানো হয়নি৷
প্রথম আলোর প্রতিবেদন নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে সেখানেও শামীম ওসমান তাঁর সঙ্গে নূর হোসেনের কথোপকথনের বিষয়টি স্বীকার করেন। কয়েকটি টেলিভিশন চ্যানেল সংবাদ সম্মেলনটি সরাসরি প্রচার করে। সংবাদ সম্মেলনের বক্তব্যে তিনি নিজ দলের ওপরও ক্ষোভ প্রকাশ করেন৷ তাঁর আর রাজনীতিতে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি৷
ওই কথোপকথনের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘এটা তো গোয়েন্দা সংস্থার রেকর্ড। টেলিফোন ট্যাপিং তো কোনো সাংবাদিক করে না। কোনো রাজনীতিবিদও করেন না৷ নূর হোসেন আমাকে ফোন করেছিল। ওর সঙ্গে আমার কথা হয়েছিল। অস্বীকার করার কোনো কারণ নেই।’
২৯ এপ্রিল নূর হোসেন ফোন করার পর তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে বলেছিলেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন শামীম ওসমান৷ এ সময় তিনি দুজন বড় আইনজীবীর নাম উল্লেখ করে তাঁদের বলে দেওয়ার আশ্বাস দেন।
কথোপকথনে আদালতের কোনো প্রসঙ্গ নেই—উপস্থিত সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে শামীম ওসমান বলেন, ‘আমি খবর পাঠানোর কথা বলেছিলাম। আমিই তাকে কোর্টে আত্মসমর্পণের জন্য বলেছিলাম। ওই কথোপকথনের অংশ এডিট (কাটছাঁট) করে ছাড়া হয়েছে। কিছু অংশ ছাড়া হয়েছে, সবটা নয়।’
কথোপকথনে ভিসার (সিল) প্রসঙ্গ উঠে আসার বিষয়ে শামীম ওসমান বলেন, নূর হোসেনের অবস্থান নিশ্চিত হতেই তিনি ওই প্রসঙ্গ তোলেন। তিনি সিআইডিকেও জানিয়েছিলেন যে নূর হোসেন দেশে আছেন৷ তা ছাড়া পার্টির হাইকমান্ড যদি জানতে চায়, সে বিষয়ে খেয়াল রেখে ভিসার প্রসঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেন, ‘আমি কৌশলে চেয়েছিলাম, নূর হোসেন কোর্টে আসুক। আমি তাকে কনভিন্স করতে চেয়েছি।’
তদন্তকারীদের এই কথোপকথনের বিষয়টি না জানানোর বিষয়ে প্রশ্ন করা হলে ওসমান বলেন, ‘যাদের জানাব তারা তো নিজেরাই জানে। হাইটেক লোক ওনারা। আমার বক্তব্যও ছেড়ে দিয়েছে৷ তাদের কাছে রেকর্ড থাকার মানে ফোন নম্বরটি ওরা ফলো করেছিল।’ তিনি প্রশ্ন তোলেন, বলা হচ্ছে, তার আগের দিন নূর হোসেন গুলশানে ছিল। কথোপকথনের দিন ছিল ধানমন্ডি ৪ নম্বরে। তাহলে তাঁকে গ্রেপ্তার করা হলো না কেন?
শামীম ওসমান র৵াবের এক কর্মকর্তার বিরুদ্ধে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে বলেন, ‘এমপি হিসেবে আমার স্ট্যাটাস মেজর জেনারেল বা তার ওপরে৷ কিন্তু একজন উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা আমাকে বলেছেন, আমরা না বাঁচলে আপনি বাঁচবেন না। আমি তাঁকে যখন বললাম, কী বললেন? তিনি বললেন, আপনারা বাঁচবেন না। আমি ভেবেছি, উনি রাগের মাথায় এসব কথা বলেছেন।’
রেকর্ডটি প্রকাশ করায় প্রথম আলোর সমালোচনা করেন শামীম ওসমান। তিনি বলেন, ‘যদি রিপোর্টটি জনকণ্ঠে ছাপানো হতো, আমি হ্যাপি৷ কালের কণ্ঠে ছাপানো হলে আমি হ্যাপি, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিনে বা মানবকণ্ঠে ছাপা হলেও আমি হ্যাপি হতাম।’
প্রথম আলো বর্জনে ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও বঙ্গবন্ধুর দৌহিত্র’ সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক আহ্বানের কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘পত্রিকাটি আমি কিনে পড়ি না৷’
নারায়ণগঞ্জ-৫ আসনের আসন্ন নির্বাচনে রফিউর রাব্বির অংশ নেওয়ায় তাঁকে স্বাগত জানান শামীম ওসমান। তবে রাব্বির পূর্ণ নিরাপত্তা দাবি করেন তিনি৷ রাব্বি ঋণখেলাপি এমন ‘তথ্য-প্রমাণ’ সংবাদ সম্মেলনে তুলে ধরেন শামীম৷ তিনি বলেন, ‘হয়তো কেউ তাঁকে নির্বাচনে দাঁড় করিয়ে দিল৷ দেখা গেল, রফিউর রাব্বি কালকে নেই৷ তখন সবাই আমার দিকে আঙুল তুলবে৷’
নূর হোসেনসহ সাত খুনের ঘটনার পর তাঁকে জড়িয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভী ব্যাপক প্রচারণা চালান বলেও অভিযোগ করেন শামীন ওসমান৷