ফোনালাপ জুয়াড়িরা জানল কীভাবে?
জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার পশ্চিম আমুট্ট এলাকার ফসলি মাঠের পাশে নির্জন স্থানে গত শুক্রবার বিকেলে জুয়ার আসর বসে। স্থানীয় সাংবাদিক শামীম হোসেন দূর থেকে তা দেখে থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায়কে মুঠোফোনে বিষয়টি জানান। এর মিনিট দুয়েক পর জুয়াড়িরা আসর থেকে পালাতে শুরু করে।
ওই সাংবাদিক আবার ওই কর্মকর্তাকে ফোন দিয়ে বললেন, ‘আপনাকে ফোন দেওয়ার পরপরই জুয়ার আসর ভেঙে গেল। ওরা জানল কীভাবে?’ উত্তরে কর্মকর্তা তাঁকে বলেন, ‘ওই এলাকায় একজন কনস্টেবল আছে। তিনি ওদের খবরটি জানিয়ে থাকতে পারেন।’ ওই কনস্টেবলের নাম জানতে চাইলেও কর্মকর্তা তাঁর নাম বলেননি।
শামীম হোসেন বলেন, ‘আমি ফোন করলাম পুলিশ কর্মকর্তাকে, আর সঙ্গে সঙ্গে জুয়াড়িরা আসর ছেড়ে পালাল। এ ঘটনায় অবাক হয়েছি।’
এ প্রসঙ্গে কিরণ কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘ওরা কীভাবে জানল, তা বুঝে উঠতে পারছি না। তবে ওই জুয়ার আসরে অভিযান চালানো হবে।’
জানা গেছে, আক্কেলপুর পৌর শহরের আক্কেলপুর-বদলগাছী বাইপাস সড়কের পশ্চিম আমুট্ট গ্রামের ফসলি মাঠের পাশে ওই নির্জন স্থানসহ উপজেলার সাত-আটটি স্থানে প্রতিনিয়ত জুয়া খেলা হয়। তবে আমুট্ট ফসলি মাঠের জুয়ার আসরটি সবচেয়ে বড়। প্রতিদিন সেখানে কয়েক লাখ টাকার জুয়া খেলা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ও রায়কালী ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, গত ১৭ এপ্রিল থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে জুয়ার আসর নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এ কারণে শহরে চুরি-ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের কয়েকজন সদস্য এসব জুয়ার আসর থেকে মাসোহারা আদায় করছেন। তারাই অভিযানের খবর আগেই ফাঁস করে দেন।
থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘সরষের মধ্যেই ভূত থাকলে আগে সেই ভূত ছাড়ানো হবে।’