রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে (স্নাতক সমঞ্চান) ভর্তি পরীক্ষায় গতকাল শুক্রবার মুঠোফোনে উত্তর নেওয়ার অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার সময় অসদাচরণের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আটক হওয়া পরীক্ষার্থীরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার তরিকুল ইসলাম, আসাদুর রহমান ও রাজশাহী নগরের তালাইমারী এলাকার ইফতিয়াজ রাব্বি।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন নূরজাহান ও খুলনার বায়েজিদ আহমেদ। বহিষ্কৃত অন্য একজনের নাম জানা যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটা থেকে ‘ই’ ইউনিটের বিজোড় রোলধারীদের পরীক্ষা চলাকালে সিরাজী ভবনের ১২০ নম্বর কক্ষ থেকে তরিকুলকে মুঠোফোনসহ আটক করে সংশ্লিষ্ট শিক্ষকেরা প্রক্টর কার্যালয়ে হস্তান্তর করেন। একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ২১০ নম্বর কক্ষ থেকে আসাদুরকে আটক করা হয়।
এ ছাড়া সকাল সোয়া ১০টা থেকে একই ইউনিটের জোড় রোলধারীদের পরীক্ষার সময় বিজ্ঞান ভবন থেকে ইফতিয়াজকে আটক করা হয়।
এ ছাড়া দুপুর ১২টার দিকে ‘ডি’ ইউনিটের বিজোড় রোলধারীদের পরীক্ষার সময় শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে বায়েজিদ নামের ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই সময় অপর এক শিক্ষার্থীকেও বহিষ্কার করা হয়। পরে বেলা সাড়ে তিনটা থেকে একই ইউনিটের জোড় রোলধারীদের পরীক্ষার সময় নুরজাহানকে বহিষ্কার করা হয়।
আটক হওয়া শিক্ষার্থী আসাদুর সাংবাদিকদের জানান, বগুড়া আজিজুল হক কলেজের আরিফ নামের এক বড় ভাই তাঁকে এ পরামর্শ দেন। পরীক্ষার সময় তাঁদের একজন প্রশ্নসহ বাইরে বের হন। এরপর প্রশ্ন দেখে ওই বড় ভাই মুঠোফোনে তাঁর কাছে উত্তর পাঠাচ্ছিলেন। তিনি (আসাদুর) শুধু ক্রমিক নম্বর অনুযায়ী উত্তর দিয়ে যাচ্ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান প্রথম আলোকে জানান, আটক পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের পর থানায় সোপর্দ করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর নূর প্রথম আলোকে জানান, আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি। ফলে তাঁদের আরএমপি অধ্যাদেশ অনুযায়ী আদালতে চালান করা হতে পারে।