চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম ওরফে অপুকে (১৬) মুক্তিপণের জন্য অপহরণ করার কাজে সহযোগিতা করার কথা স্বীকার করেছে তার বন্ধু রিদোয়ানুল হক ওরফে বাপ্পা (১৭)। এ ছাড়া অপহরণের পর আশরাফুলের পরিবার ও পুলিশের তৎপরতা সম্পর্কে অপহরণ ও হত্যার মূল পরিকল্পনাকারীকে জানানোর কথাও স্বীকার করেছে সে।
গতকাল বৃহস্পতিবার পটিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রিদোয়ানুল এই স্বীকারোক্তি দেয়।
এর আগে গ্রেপ্তার হওয়া দুজনের স্বীকারোক্তির ভিত্তিতে রিদোয়ানুলকে গত বুধবার রাতে পটিয়ার এয়াকুবদণ্ডির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রিদোয়ানুল পটিয়ার হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, আশরাফুল পড়াশোনায় অনিয়মিত হওয়ায় ১৬ বছর বয়সেও সে ছিল অষ্টম শ্রেণীতে।
পটিয়া সার্কেলের এএসপি মোহামঞ্চদ শামীম হোসেন বলেন, রিদোয়ানুল জবানবন্দিতে বলেছে, সে আশরাফুলের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাই অপহরণ ও হত্যার মূল পরিকল্পনাকারী ব্যক্তি রিদোয়ানকে দিয়ে ফোন করিয়ে বিয়ের মেহেদি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে আশরাফুলকে তার (পরিকল্পনাকারী) বাড়িতে নিয়ে আসে। এরপর সেখানে নির্যাতন ও মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়।
পুলিশ সূত্রমতে, রিদোয়ানুল নিয়মিত আশরাফুলের বাবার সঙ্গে থেকে তাঁকে সহযোগিতা করার অভিনয় করত। নিয়মিত থানায় আসা-যাওয়া করে আশরাফুলের বাবা ও পুলিশের তৎপরতার কথাও হত্যার মূল পরিকল্পনাকারীকে ফোনে জানিয়ে দিত। আশরাফুলকে অপহরণ করার তিন দিন পর তার বাবা পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই সময় রিদোয়ানুলও তাঁর সঙ্গে ছিল। সে সঙ্গে সঙ্গে খবরটি হত্যার মূল পরিকল্পনাকারীকে পৌঁছে দেয়। পর দিন রাতেই আশরাফুলকে হত্যা করা হয়।
এএসপি মোহামঞ্চদ শামীম হোসেন বলেন, রিদোয়ানুল আশরাফুলের বাবা ও পুলিশের তৎপরতা সম্পর্কে হত্যার পরিকল্পনাকারীকে নিয়মিত জানানোর কারণে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
১৯ জানুয়ারি আশরাফুলকে মেহেদি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। ২৬ জানুয়ারি রাতে তার লাশ উদ্ধার করা হয়।