ফোনে তামিমের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তামিম ইকবাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তামিম ইকবাল।

আহত জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমের বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য আজ বুধবার দুপুরে তামিম ইকবালকে ফোন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

এক হাতে ব্যাট করছেন তামিম।
এক হাতে ব্যাট করছেন তামিম।

দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে আহত হন তামিম ইকবাল। ব্যান্ডেজ করা হাত নিয়েই দলের প্রয়োজনে ঝুঁকি নিয়ে খেলতে নামেন। বাংলাদেশের ওপেনার খেলতে নামার পরই একটি বল খেললেও দলের খাতায় মুশফিক-তামিমের শেষ জুটিতে যোগ হয় ৩২ রান। ওই খেলায় জয় পায় বাংলাদেশ। ব্যান্ডেজ করা হাত নিয়েই খেলতে নেমে প্রশংসিত হন তামিম ইকবাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করেছ। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই।’ ওই দিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তামিম ইকবালকে প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন প্রধানমন্ত্রী। কুণ্ঠাবোধ না করে যেকোনো বিষয় তাঁকে জানানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।