প্রথম সুযোগ পাবেন গাজীপুর ও টাঙ্গাইল কারাগারের বন্দীরা
ফোনে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন বন্দীরা
কারাগার থেকে বন্দীরা তাঁদের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলতে পারবেন। কারা কর্তৃপক্ষের নেওয়া এ উদ্যোগ প্রথমে টাঙ্গাইল ও গাজীপুরের জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে শুরু হবে। এরপর তা পর্যায়ক্রমে দেশের সব কারাগারে চালু হবে।
সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি-প্রিজনস) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেন, কথা বলার জন্য বন্দীরা সর্বোচ্চ পাঁচ মিনিট সময় পাবেন। তবে জঙ্গি, শীর্ষ বা দুর্ধর্ষ সন্ত্রাসীরা তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন না। বন্দীদের জন্য জমা থাকা অর্থ (ডেবিট কার্ড) থেকে ফোনের খরচ কেটে রাখা হবে।
কারা অধিদপ্তর সূত্র জানায়, দেশের ৬৮টি কারাগারে ৭৮ হাজার বন্দী আছেন। কারাবিধি অনুযায়ী পাঁচ বছরের বেশি সাজা পাওয়া বন্দীকে সংশ্লিষ্ট জেলার কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ফলে অনেক বন্দীর নিজ বাড়ি থেকে ওই কারাগারের দূরত্ব বেশি হয়। এতে কারাগারে এসে কথা বলার জন্য তাঁদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এআইজি-প্রিজনস) ইকবাল হাসান প্রথম আলোকে বলেন, কারাগারে না এসেই স্বজনেরা যেন বন্দীদের সঙ্গে কথা বলতে পারেন, সে ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত বছরের ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করতে গিয়ে বন্দীদের সঙ্গে তাঁদের স্বজনদের মুঠোফোনে কথা বলার ব্যবস্থা নেওয়ার কথা বলেন। বন্দীর স্বজনদের দুর্ভোগ কমাতে এবং যাতায়াত ও থাকার জন্য অর্থ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এমন উদ্যোগের কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কারা কর্তৃপক্ষ প্রত্যেক কারাবন্দীর দুজন স্বজনের মুঠোফোন নম্বর নেয়। ওই দুজন স্বজনের আঙুলের ছাপও নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এক্সেস টু ইনফরমেশন’ বিভাগ থেকে ১৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
কারা কর্মকর্তারা বলেন, দূরদূরান্ত থেকে কারাবন্দীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে এসে তাঁদের স্বজনেরা দুর্ভোগে পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়ে দু-তিন বছর আগে কারা কর্তৃপক্ষ এমন একটি উদ্যোগ নিয়েছিল। কিন্তু তখন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে বিষয়টি আলোচনার পর তা বাতিল হয়ে যায়।
সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি-প্রিজনস) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বন্দীরা ব্যক্তিগত, পারিবারিক বা আইনি বিষয়ের বাইরে কোনো কথা বলতে পারবেন না। নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথোপকথন যন্ত্রে রেকর্ড করা হবে। বিষয়টি তদারক ও পর্যবেক্ষণের জন্য প্রতিটি কারাগারে একজন করে কর্মকর্তা দায়িত্বে থাকবেন। ব্যক্তিগত, পারিবারিক ও আইনি সহায়তাসংক্রান্ত কথার বাইরে অন্য কোনো কথা হলে বন্দীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।