ফোরকান মল্লিকের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে পটুয়াখালীর ফোরকান মল্লিককে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।
ফোরকানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা পাঁচটির মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। দুটি অভিযোগে (৩ ও ৫ নম্বর) তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। অন্য একটিতে (৪ নম্বর) আমৃত্যু কারাদণ্ড। এ ছাড়া দুটি অভিযোগ (১ ও ২ নম্বর) থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল-২ এবারই প্রথম নিজস্ব এজলাসে কোনো মামলার রায় ঘোষণা করলেন। সকাল ১০টা ৪০ মিনিটে ৯৯ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পড়া শুরু হয়। শেষ হয় ১০টা ৫৫ মিনিটে। রায় ঘোষণার সময় আসামি ফোরকান কাঠগড়ায় ছিলেন।
রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট। অন্যদিকে আসামিপক্ষ সংক্ষুব্ধ হয়েছে। তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
গত ১৪ জুন এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল-২। গত মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
গত বছরের ১৮ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠনের মধ্য দিয়ে ফোরকানের বিরুদ্ধে মামলার বিচারকাজ শুরু হয়। তাঁর বিরুদ্ধে আটজনকে হত্যা, চারজনকে ধর্ষণ, তিনজনকে ধর্মান্তরিত করা, ১৩টি পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বাড়িঘর-দোকান লুট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।
চলতি বছরের ১৯ জানুয়ারি এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তাসহ ১৪ জন। আসামিপক্ষে সাক্ষ্য দেন পাঁচজন। এরপর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি মোখলেছুর রহমান। আসামিপক্ষে ছিলেন আবদুস সালাম খান।
ফোরকানের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছইলাবুনিয়া গ্রামে। গত বছরের ২৫ জুন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।