ফোরকান মল্লিকের বিরুদ্ধে মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করবেন। গত মঙ্গলবার রায় ঘোষণার এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৪ জুন এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল-২।
গত বছরের ১৮ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠনের মধ্য দিয়ে ফোরকান মল্লিকের বিরুদ্ধে মামলার বিচারকাজ শুরু হয়। তাঁর বিরুদ্ধে আটজনকে হত্যা, চারজনকে ধর্ষণ, তিনজনকে ধর্মান্তরিত করা, ১৩টি পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বাড়িঘর-দোকান লুট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।
চলতি বছরের ১৯ জানুয়ারি এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তাসহ ১৪ জন। আসামিপক্ষে সাক্ষ্য দেন পাঁচজন। এরপর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি মোখলেছুর রহমান। আসামিপক্ষে ছিলেন আবদুস সালাম খান।
যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ দাবি করে, ফোরকানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা-ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ জন্য তাঁকে সর্বোচ্চ সাজা দিতে হবে।
আসামিপক্ষ দাবি করে, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এ জন্য সব অভিযোগ থেকে ফোরকানকে খালাস দেওয়ার আরজি জানায় আসামিপক্ষ।
রাষ্ট্রপক্ষ বলেছে, ফোরকানের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছইলাবুনিয়া গ্রামে। গত বছরের ২৫ জুন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।