মানবতাবিরোধী অপরাধের বিচার: দুই অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ ও একটিতে আজীবন কারাদণ্ড, দুটি অভিযোগ থেকে খালাস
ফোরকান মল্লিকের মৃত্যুদণ্ড
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে পটুয়াখালীর রাজাকার ফোরকান মল্লিককে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
রায়ে বলা হয়, ফোরকান মল্লিকের বিরুদ্ধে গঠন করা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হয়েছে। এর মধ্যে তৃতীয় ও পঞ্চম অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। চতুর্থ অভিযোগে দেওয়া হয় আজীবন কারাদণ্ড। প্রথম ও দ্বিতীয় অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই দুটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।
এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের ২০টি মামলার রায় দিলেন দুই ট্রাইব্যুনাল। এর মধ্যে ১১টি মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেছেন নয়টি মামলার। রায়ের পর সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষ বলেছে, তাদের প্রত্যাশিত রায় হয়েছে। এদিকে আসামিপক্ষ বলেছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করার আর্থিক সংগতি ফোরকান মল্লিকের নেই।
রায়ে বলা হয়, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছইলাবুনিয়া গ্রামের ফোরকান মল্লিক (৬৩) ১৯৭১ সালে মুসলিম লীগের সমর্থক ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অন্যদের নিয়ে শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন করেন। মুক্তিযুদ্ধকালে সুবিদখালী বাজারের ডা. দেবেন্দ্রনাথ সরকারের বাড়িতে থানা শান্তি কমিটি ও সুবিদখালী পুরোনো হাসপাতাল ভবনে রাজাকারদের প্রধান ক্যাম্প স্থাপন করে তিনি মির্জাগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সঙ্গে জড়িত ছিলেন।
রায়ের দিন ধার্য থাকায় গতকাল সকাল নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফোরকানকে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয়। রায় ঘোষণার সময় পাঞ্জাবি ও লুঙ্গি পরা ফোরকান এজলাসে আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
তিন অভিযোগে সাজা: গত বছরের ১৮ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠনের মধ্য দিয়ে ফোরকান মল্লিকের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়। তাঁর বিরুদ্ধে আটজনকে হত্যা, চারজনকে ধর্ষণ, তিনজনকে ধর্মান্তরিত করা, ১৩টি পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বাড়িঘর-দোকান লুট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।
এসব অভিযোগের মধ্যে একাত্তরের ১৭ আগস্ট মির্জাগঞ্জের সুবিদখালীর এক নারীকে ধর্ষণ ও হত্যা (তৃতীয় অভিযোগ) এবং ২২ আগস্ট কাঁকড়াবুনিয়ার তিনজনকে হত্যা ও গণধর্ষণের দায়ে ফোরকান মল্লিককে মৃত্যুদণ্ডের সাজা দেন ট্রাইব্যুনাল। আর ২০ আগস্ট সুবিদখালী বাজারের দুই নারীকে ধর্ষণের (চতুর্থ অভিযোগ) দায়ে তাঁকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।
ফোরকানের বিরুদ্ধে হত্যা ও দেশান্তরে বাধ্য করার প্রথম ও দ্বিতীয় অভিযোগ প্রমাণিত হয়নি।
প্রতিক্রিয়া: রায়ের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রত্যাশিত রায় পেয়েছি। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিল—এমন একজন আসামির সাজা হলো। আমরা এ রায়ে সন্তুষ্ট।’ ফোরকানের আইনজীবী আবদুস সালাম খান সাংবাদিকদের বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট নই। পারিবারিক শত্রুতাবশত এই মামলা করা হয়েছিল।’ রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘ফোরকান মল্লিক দিনমজুর। আপিল করার মতো আর্থিক সংগতি তাঁর নেই। তারপরও আমরা তাঁর পরিবারকে আপিল করার পরামর্শ দিয়েছি।’
রায় দ্রুত কার্যকরের দাবি পটুয়াখালীবাসীর: পটুয়াখালী অফিস জানায়, ফোরকান মল্লিকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের রায়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন পটুয়াখালীবাসী। তাঁরা এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।