চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় নিহত আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ ফোরকান হত্যা মামলা অধিকতর তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত ই এলাহী এ আদেশ দেন।
গত বছরের ১৪ সেপ্টেম্বর মামলার বাদী এজাহার মিয়া পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর তদন্তের আবেদন করেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুল (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, আলোচিত এ মামলায় ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষী করেনি পুলিশ। এতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যাবে না। অভিযোগপত্র দাখিলের আগে মামলার বাদীকেও জানানো হয়নি। এমনকি রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কাছ থেকেও কোনো মতামত নেওয়া হয়নি। ঘটনায় জড়িত প্রকৃত অনেক আসামিকে বাদ দিয়ে নিরীহ লোককে আসামি করেছে পুলিশ। অভিযোগপত্রের এসব ত্রুটি আদালতের সামনে উপস্থাপন করা হয়। পরে আদালত বাদীর নারাজি আবেদন গ্রহণ করে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
২০১৩ সালের ১১ এপ্রিল ভূজপুরে তাণ্ডবের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় আহত হন দলের শতাধিক নেতা-কর্মী। এ ঘটনায় নিহত তিন ব্যক্তির পরিবার, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচটি মামলা করা হয়। তিনটি হত্যা মামলায় ফটিকছড়ি থানার পুলিশ গত বছরের জুনে অভিযোগপত্র দেয়।