মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার চলছে। এটা যে সত্যি অপপ্রচার, তা স্পষ্টভাবে মানুষকে জানাতে সংঘবদ্ধভাবে পাল্টা প্রচার চালানো প্রয়োজন। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল শনিবার ‘যুদ্ধাপরাধীদের বিচার ও অপপ্রচার’ শীর্ষক আলোচনা সভায় এই পাল্টা প্রচারের কথা বলা হয়। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এই আলোচনা সভার আয়োজন করে।
সভাপতির বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার বলেন, ফোরাম যত দিন থাকবে প্রতিটি সদস্য যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কাজ করে যাবে।
ফোরামের ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী বলেন, বিচারের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার হচ্ছে। অপপ্রচারের কারণে বিচার যেন বন্ধ না হয়, সে জন্য একতা প্রয়োজন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বলা হচ্ছে বিচার প্রক্রিয়াটি রাজনৈতিক প্রতিহিংসার। যতগুলো যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল হয়েছে, অভিযুক্তদের আপিলের সুযোগ দেওয়া হয়নি।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, চার দশক পর বিচার শুরু হয়েছে। বিচার-প্রক্রিয়া নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটা ষড়যন্ত্র চলছে। জাতীয় ও আন্তর্জাতিক কর্মকাণ্ডগুলো একসূত্রে গাঁথা।
অন্য ট্রাস্টি মফিদুল হক বলেন, হিউম্যান রাইটস ওয়াচ গোলাম আযমের মামলা সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে। একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থে তাদের সংগঠন ব্যবহূত হচ্ছে।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, বিদেশে ট্রাইব্যুনালের বিরুদ্ধে যে প্রচারণা চলছে, তার উত্তর দেওয়ার জন্য একটা কেন্দ্র থাকা প্রয়োজন ছিল। তিনি সংঘবদ্ধভাবে কাজ করার ও জনগণকে সংগঠিত করার ওপর জোর দেন।
সভায় মূল বিষয়বস্তুর ওপর আলোচনা করেন ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিক হারুন হাবীব। তথ্য ও প্রচার সম্পাদক কেয়া চৌধুরীর সঞ্চালনায় ফোরামের যুগ্ম মহাসচিব ম হামিদ, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ, ফোরামের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ পাটোয়ারী প্রমুখ বক্তব্য দেন।