ফৌজদারহাটে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ
চট্টগ্রামের ফৌজদারহাট স্টেশনের অদূরে গতকাল বুধবার রাতে কাভার্ড ভ্যানের সঙ্গে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ডাউন লাইনে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে একটি কাভার্ড ভ্যান রেললাইনের ওপর উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ের পাহাড়তলী নিয়ন্ত্রণকক্ষের চিফ পাওয়ার কন্ট্রোলার রাজেন্দ্র প্রসাদ ভৌমিক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
রাজেন্দ্র প্রসাদ বলেন, ইঞ্জিন পাঠিয়ে সুবর্ণ এক্সপ্রেসকে চট্টগ্রাম স্টেশনে আনা হয়েছে। তিনি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে ডাউন লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়।