ফৌজদারহাটে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
চট্টগ্রামের ফৌজদারহাট স্টেশনে জ্বালানি তেলের ট্যাংকারবাহী ট্রেনের ইঞ্জিন গতকাল শনিবার ভোরে লাইনচ্যুত হয়েছে। এতে অবশ্য অন্য ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
রেলওয়ে সূত্র জানায়, পতেঙ্গা থেকে গতকাল ভোরে আট ট্যাংকার ফার্নেস অয়েল নিয়ে ট্রেনটি চট্টগ্রামের দিকে আসছিল। ট্রেনটির পরে দোহাজারী যাওয়ার কথা ছিল। কিন্তু ভোরে ফৌজদারহাট স্টেশনে ট্রেনটির ইঞ্জিনের আট চাকার মধ্যে ছয়টি লাইনচ্যুত হয়।
চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ফৌজদারহাট স্টেশনে তেলবাহী ট্রেনটি ঘোরানোর সময় ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ করি। এতে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ট্রেনটির চালক ঘুমের ঘোরে ছিলেন বলে ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।’