ফৌজদারি মামলায় পঞ্চম শ্রেণির ছাত্রের জামিন
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি ফৌজদারি মামলায় মো. ফাহিম নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ১ নম্বর আসামি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের ১ নম্বর অতিরিক্ত দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-২–এর বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী তার জামিন মঞ্জুর করেছেন।
আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ১৩ মার্চ ফতুল্লা মডেল থানায় মো. সেলিম নামের এক ব্যক্তি বাদী হয়ে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ৭ মার্চ তাঁর ভাতিজা শাওনকে (১৭) ধর্মগঞ্জ এলাকায় ফাহিম (১৬), পাভেল (২৫) ও সজল (২০) রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তা ছাড়া, শাওনের কাছ থেকে মুঠোফোন ও দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ফাহিম ও পাভেল সহোদর। ফাহিম সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামানের সই করা জন্মসনদ অনুযায়ী তার জন্ম ২০০৬ সালের ৩০ ডিসেম্বর। অথচ বাদীর এজাহারে ও পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে ফাহিমের বয়স উল্লেখ করা হয়েছে ১৬ বছর। অভিযোগ তদন্ত না করেই পুলিশ প্রভাবিত হয়ে একটি শিশুকে আসামি করে ফৌজদারি মামলা লিপিবদ্ধ করে। আদালত ২০ হাজার টাকা মুচলেকায় ফাহিমের জামিন মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, তদন্ত চলছে।