ফৌজদারি মামলায় ১২ বছরের শিশুকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি মামলায় ১২ বছরের শিশু আরিফকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। শিশুটির বয়স ১৯ বছর দেখিয়ে তাকে ওই মামলার আসামি করা হয়েছিল। এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, এ জন্য হাইকোর্ট গাজীপুর জেলার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাদীকে সতর্ক করে দিয়েছেন। গতকাল রোববার বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে শিশুটির পক্ষে আইনজীবী হুমায়ুন কবির মামলা পরিচালনা করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল মান্নান।জানা যায়, জমির দখল নিয়ে ঢাকা ক্যাডেট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আরিফসহ ২১ জনের বিরুদ্ধে গত ২৭ মে শ্রীপুর থানায় মো. ইদ্রিস আলী বাদী হয়ে মামলা করেন। ১০ জুন হাইকোর্ট আরিফসহ ১৮ জনের আগাম জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে শ্রীপুর থানার ওসি ও বাদীর প্রতি স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। তাঁরা ৫ জুলাই হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রর্থনা করেন। গতকাল উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।