ফৌজি চটকল চালু ও বকেয়া পরিশোধের দাবি শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ফৌজি চটকল দ্রুত চালু ও বকেয়া পরিশোধের দাবিতে গতকাল শনিবার বিকেলে মিল চত্বরে শ্রমিক সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে মিল চালু করার সময় বেঁধে দেওয়া হয়।শ্রমিকনেতা বাচ্চু মিঞার সভাপতিত্বে সমাবেশে শ্রমিকেরা বলেন, আজ থেকে এক বছর আগে চটকলটি বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে মিলের চার শ শ্রমিক-কর্মচারী পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্ধের কারণ হিসেবে লোকসানের কথা উল্লেখ করে মালিকপক্ষ। সে সময় চটকলের কাছে শ্রমিক-কর্মচারীদের মজুরির সাত কোটি টাকা পাওনা ছিল। স্বল্প সময়ের মধ্যে মিলটি চালু করাসহ সব পাওনা মিটিয়ে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দুটির একটিও পূরণ করা হয়নি। বর্তমানে কর্তৃপক্ষ এ নিয়ে কথা বলতে চায় না। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শ্রমিকনেতা মো. নাজুক মিয়া, পলাশ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আমির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, জনতা জুট মিলের সিবিএর সভাপতি মো. বাচ্চু মিয়া প্রমুখ।