
প্রচণ্ড গরম। শাহবাগে যানজটে আটকে আছে বিআরটিসির দোতলা বাস। দাঁড়ানোর জায়গাও নেই। প্রচণ্ড গরমে দরদর করে ঘামছেন যাত্রীরা। চালকের উদ্দেশে কয়েকজন যাত্রী জোর গলায় বললেন, ‘আপনাদের ফ্যান চালান, গরম আর সহ্য হচ্ছে না।’ চালক নিচু গলায় বললেন, ‘ভাই, ফ্যান নষ্ট। এবার আরও কয়েকজন যাত্রী ক্ষুব্ধ হয়ে বললেন, ‘ভাড়া নেওয়ার সময় তো কম নেন না, তাহলে ফ্যান ঠিক করান না কেন?’ এ চিত্র রাজধানীতে চলা বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির দ্বিতল বাসে।
গত বৃহস্পতিবার শাহবাগ থেকে ঢাকা মেট্রো-১১৬০৬২ নম্বর বাসে উঠে দেখা গেল বাসের সবগুলো ফ্যান নষ্ট। এই বাসের নিয়মিত যাত্রী আবদুল আলিম বলেন, তিনি প্রায় সময় মতিঝিল থেকে উত্তরা যাওয়ার সময় এই বাসে ওঠেন। যানজটে বাস থামলে গরম বেশি লাগে। কিন্তু কোনো সময়ই ফ্যানগুলো সচল পান না।
আরেক যাত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, দ্বিতল বাসে জায়গা বেশি থাকে, তাই তিনি এ বাসে ওঠেন। কিন্তু যানজটে গাড়ি আটকে থাকলে গরমে দুর্ভোগে পড়তে হয়, কেননা ফ্যানগুলো নষ্ট থাকে।
মতিঝিল থেকে ফার্মগেট আসার পথে ঢাকা মেট্রো-১১৬০৫৮ নম্বর বাসে উঠেও একই সমস্যা চোখে পড়ল। এখানেও ফ্যানগুলো সচল নয়। চালক ও সহকারীদের দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁরা এর দায় চাপালেন বাস কর্তৃপক্ষের ওপর।
উত্তরা থেকে এসে নিয়মিত ফার্মগেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন হাসান মাহমুদ। তিনি বলেন, ফ্যান তো চলেই না, রাতে সব লাইটও জ্বলে না।
বিআরটিসি সূত্র জানায়, ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ের মধ্যে এখন ৫৩টি দ্বিতল বাস রাস্তায় চলছে। আর ২০১১ থেকে এ পর্যন্ত সচল আছে ২৭৮টি দ্বিতল বাস। হিসাব অনুসারে রাজধানীর বিভিন্ন স্থানে ৩১১টি দ্বিতল বাস চলছে। এগুলো ঢাকা-সাভার, মিরপুর-মতিঝিল, মতিঝিল-উত্তরার বিভিন্ন গন্তব্যে চলাচল করে। এ ছাড়া ১১টি বাস মেরামতের কাজ চলছে, যেগুলো গত বছরের বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
কয়েকজন নিয়মিত যাত্রী বললেন, কেবল লাইট আর ফ্যানই নয়, অনেক বাসের যাত্রী বসার আসনগুলোও নড়বড়ে হয়ে গেছে। এ ছাড়া বাসে ওঠার সময় ধরে ওঠার হাতলও নড়বড়ে। এতে বাসে ওঠার সময় অনেকে পড়ে যান।
শাহবাগ মোড়ে দেখা গেল, একটি বাসে যাত্রীদের আসন পূর্ণ হওয়ার পরও অনেকে দাঁড়িয়ে আছেন। কিন্তু এতে সন্তুষ্ট নন চালক। তিনি আরও যাত্রীর আশায় বাস দাঁড়িয়ে রাখলেন। পরে যাত্রীরা বাস ছাড়ার জন্য চিৎকার করার পর চালক বাস ছেড়ে দিলেন।
বিআরটিসির পরিচালক (কারিগরি) এ আর মোহাম্মাদ পারভেজ মজুমদার অভিযোগগুলো স্বীকার করে বলেন, ‘আমি চার মাস হলো দায়িত্ব নিয়েছি। বাসগুলো মেরামতের কাজ চলছে।’