ফ্যান ভেঙে পড়ল নিরাপত্তাকর্মীর মাথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটকের পাশের ইউটিলিটি ভবনের নিচতলায় ঘটনাটি ঘটেছে
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত অবস্থায় এক নিরাপত্তাকর্মীর মাথায় ফ্যান ভেঙে পড়েছে। এতে ওই নিরাপত্তাকর্মী মারাত্মক আহত হয়েছেন। ঘটনা জানতে পেরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ক্যাম্পাসের পাশের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ইউটিলিটি ভবনের নিচতলায় অগ্রণী ব্যাংকের একটি ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

সহকর্মীরা জানান, আহত নিরাপত্তাকর্মীর নাম সুমন মিয়া। তিনি এক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটকের পাশের ইউটিলিটি ভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ তাঁর মাথায় ফ্যান ভেঙে পড়ে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা কর্মকর্তা রাকিব হোসেন বলেন, দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। আহত ব্যক্তির মাথার কিছু অংশ থেঁতলে রক্ত বের হয়েছে। পরিষ্কার করে ব্যান্ডেজ দেওয়া হয়েছে।

রাতে বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবু সাঈদ প্রথম আলোকে জানান, বিকেল থেকে ব্যথা বেড়ে যাওয়ায় তাঁকে পুরান ঢাকার একটি বেসরকারি মেডিকেল সেন্টারে নিয়ে সিটি স্ক্যান করা হয়েছে। এখন পর্যন্ত তাঁর মাথাব্যথা কমেনি। রিপোর্ট পেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, বিষয়টি সম্পর্কে তাঁকে জানানো হয়নি। ক্যাম্পাসে যেকোনো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি নষ্ট হয়ে থাকলে প্রকৌশল দপ্তর ব্যবস্থা নেবে। আহতের চিকিৎসার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন।