ফ্যান্টম অ্যাপারেলের চেয়ারম্যান আমিনুল ১১ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় গ্রেপ্তার হওয়া ফ্যান্টম অ্যাপারেলের চেয়ারম্যান আমিনুল ইসলামকে দুটি মামলায় ১১ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।গতকাল রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আমিনুলকে হাজির করে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। বিচারিক হাকিম ওয়াসিম শেখ অবহেলাজনিত কারণে হত্যা মামলায় ছয় দিন এবং ইমারত আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমিনুলের পক্ষে আইনজীবী সিরাজুল ইসলাম জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করেন। আমিনুলকে গত শনিবার রাতে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে শনিবার ওই ভবনের নিউ ওয়েভ বটমের মালিক মাহমুদুর রহমান এবং নিউ ওয়েভ স্টাইলের মালিক বজলুস সামাদকে দুটি মামলায় সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এদিকে বুধবার রানা প্লাজা ধসের পর সাভার মডেল থানায় পুলিশের করা মামলার ধারার সঙ্গে হত্যাচেষ্টাসহ কিছু ধারা যোগ করার অনুমতি চেয়ে তদন্ত কর্মকর্তার আবেদন আদালত মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বলেন, পুলিশ প্রথমে যে ধারায় মামলা করেছিল, তা ছিল জামিনযোগ্য ধারা। নতুন ধারা সংযোজনের আবেদন আদালত মঞ্জুর করেছেন।