ফ্যান্টাসি কিংডমে বেড়াতে গিয়ে কিশোরের মৃত্যু
ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বেড়াতে এসে মারা গেছে খাজা সামিউল ফাহিম (১৭) নামের এক কিশোর। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ফাহিম রাজধানীর বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। সে ধানমন্ডির বাসিন্দা প্রকৌশলী খাজা সামসুদ্দিনের ছেলে।
আশুলিয়া থানার পুলিশ, ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ ও তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েকজন সহপাঠীর সঙ্গে ফাহিম আজ বেলা সাড়ে ১১টার দিকে ফ্যান্টাসি কিংডমে বেড়াতে আসে। প্রথমেই তারা ওয়াটার ওয়ার্ল্ডে যায়। তার সহপাঠীরা পানিতে নামলেও সে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সে পানিতে পড়ে অচেতন হয়ে যায়। পরে তাকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়াটার রাইডের নিরাপত্তাকর্মী মনির খান বলেন, পানিতে পড়ে যাওয়ার আগে ফাহিমের সঙ্গে তাঁর কথা হয়েছে। তখন সে অসুস্থ বোধ করছিল বলে জানিয়েছিল। এর কিছু সময় পরেই দুপুর সাড়ে ১২টার দিকে পানিতে পড়ে কাতরাতে দেখে তিনি কর্তৃপক্ষকে জানান। এর আগে তিনি তাকে উদ্ধার করেন। তখন ফাহিমের নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল।
ফাহিমের সঙ্গে বেড়াতে আসা সহপাঠী ইয়াসির আরাফাত বলে, ওয়াটার রাইডে গোসল করার একপর্যায়ে তারা ফাহিমকে পানিতে পড়ে থাকতে দেখে। সে পানিতে না নেমে ওয়াটার রাইডের পাশে দাঁড়িয়ে ছিল।
ফ্যান্টাসি কিংডমের উপব্যবস্থাপক মোন্তাসির মামুন বলেন, ফাহিম কোনো রাইডে চড়েনি। সে অসুস্থ হয়েই মারা গেছে।
নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের উপব্যবস্থাপক হারুন-অর-রশীদ ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কী কারণে সে মারা গেছে, ময়নাতদন্ত ছাড়া তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, ফাহিম অসুস্থ হয়ে পানিতে পড়ে মারা গেছে বলে প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে।