অবৈধভাবে লটারির টিকিট বিক্রি করার অভিযোগে ঢাকার ফ্যাশন কার্নিভাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজাকে গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। নাটোর আইনজীবী সমিতির সদস্য আমেল খান চৌধুরী গতকাল মঙ্গলবার মামলা করলে জেলার বড়াইগ্রাম আমলি আদালত ওই আদেশ দেন। একই সঙ্গে লটারি বিক্রির সরঞ্জামাদি জব্দ করারও নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সেলিম রেজার প্রতিষ্ঠান হস্তশিল্প মেলার নামে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে মেলার আয়োজন করেছে। মেলায় অশ্লীল নাচগানের পাশাপাশি অবৈধভাবে ২০ টাকা মূলে৵র টিকিট বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষকে নানা রকম পুরস্কারের প্রলোভন দেখিয়ে লাখো টাকার ওই টিকিট বিক্রি করা হচ্ছে। এতে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ। লটারির টিকিট বিক্রির জন্য প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে শত শত অটোরিকশা চষে বেড়াচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বড় পর্দায় লটারির পুরস্কার প্রাপ্তির ভিডিও ছবি দেখানো হচ্ছে। এতে বিদ্যালয়গামী শিক্ষার্থীরাও টিকিট কেনার নেশায় মেতে উঠেছে। সোমবার রাত নয়টার মামলার বাদী আমেল খান চৌধুরী বনপাড়ায় আসামির প্রতিষ্ঠানে গিয়ে লটারির টিকিট বিক্রি বন্ধ করতে বললে আসামি প্রথমে তাঁকে হত্যার চেষ্টা করেন। পরে তাঁর কাছ থেকে আয়োজনের খরচ বাবদ ২০ লাখ টাকা দাবি করেন।
আমেল খান চৌধুরী অভিযোগ দাখিলের সময় পত্রিকায় প্রকাশিত খবরের নমুনা ও টিকিট বিক্রির বিপুলসংখ্যক গাড়ির ছবি উপস্থাপন করেন। অভিযোগের ব্যাপারে শুনানি শেষে আদালতের বিচারক মো. মনিরুজ্জামান আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য ওই গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন। বড়াইগ্রাম থানাকে এই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আদালত লটারির টিকিট ও লটারির টিকিট বিক্রির সরঞ্জামাদি জব্দ করারও নির্দেশ দেন।
আমেল খান চৌধুরী বলেন, দেশের সংবিধান ও দণ্ডবিধিতে লটারি অনুষ্ঠানকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। অথচ আসামি প্রকাশে৵ দিনের পর দিন লটারির টিকিট বিক্রি করছেন। এ কারণে তিনি জনস্বার্থে মামলাটি করেন।
তবে এ ব্যাপারে জানতে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে একাধিকবার সেলিম রেজার মুঠোফোনে ফোন দিলে তিনি তা ধরেননি।
আদালতের পেশকার আতাউল গণি ওই মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেন, তাঁরা এ-সংক্রান্ত আদালতের আদেশ গতকাল বিকেল পর্যন্ত হাতে পাননি। আদালতের নির্দেশ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ৫ মার্চ ফ্যাশন কার্নিভাল লিমিটেডের লটারির টিকিট বিক্রি করা নিয়ে প্রথম আলোয় ‘হস্তশিল্প মেলায় লটারি বাণিজ্য, প্রশাসন নীরব’ শিরোনামে খবর প্রকাশিত হয়।