ফ্যাশন বিপ্লব দিবস আজ দেশে দেশে

বাংলাদেশের রানা প্লাজা ট্র্যাজেডির দিনটি বিশ্বজুড়ে স্মরণের জন্য ২৪ এপ্রিল তারিখটি ঘোষণা করা হয়েছে ফ্যাশন বিপ্লব দিবস (ফ্যাশন রেভল্যুশন ডে)। প্রথমবারের মতো পালিত হতে যাওয়া এই দিবসের প্রতিপাদ্য: ‘কে আপনার পোশাক বানাচ্ছে?’
পোশাকশিল্প ও শিল্পশ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে এ রকম কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান মিলে গত বছর ফ্যাশন রেভল্যুশন নামে একটি জোট গঠন করে। জোটটি পোশাকের সাধারণ ক্রেতাদের সচেতন করা এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে পোশাক প্রস্তুত করিয়ে বাজারে জোগান দেয় যেসব বড় বড় ব্র্যান্ড, তাদের ওপর শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করতে চাপ দেওয়ার জন্য গঠিত হয়েছে।
যেসব প্রতিষ্ঠান এই জোটের উদ্যোক্তা ও সক্রিয় সংগঠক, তাদের মধ্যে রয়েছে এথিকাল ফ্যাশন ফোরাম, ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন, ক্লিন ক্লোদ্স ক্যাম্পেইন, গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড, টেক্সটাইল এক্সচেঞ্জ, গ্রিনপিস ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড অর্গানাইজেশন, ফেয়ারট্রেড ইন্টারন্যাশনাল।
১৯৯২ সালে যুক্তরাজ্যের ফ্যাশন ও অ্যকসেসরিস ব্র্যান্ড পাচাকুটি যাত্রা শুরু করে। এর স্রষ্টা হিসেবে পরিচিত ক্যারি সোমারসই ফ্যাশন রেভল্যুশনের মূল প্রতিষ্ঠাতা। বিলেত ও বিলেতের বাইরে সমাজকল্যাণমূলক কাজে খ্যাত সোমারস যুক্তরাজ্যে ন্যায্য বাণিজ্য (ফেয়ার ট্রেড) ও এথিকাল বা নৈতিক ফ্যাশনেরও অন্যতম পথিকৃৎ।
ফ্যাশন রেভুল্যশন পোশাক পণ্য প্রস্তুতে নৈতিকতার ওপর জোর দিয়েছে। এই জোট বিশ্বজুড়ে ফ্যাশন শিল্পে উন্নত ও নৈতিকতা চর্চা করার এবং বিদ্যমান পরিস্থিতি পরিবর্তনে অব্যাহতভাবে প্রচারণার কাজ করে যাচ্ছে। এর উদ্যোক্তারা মনে করেন, রানা প্লাজা দুর্ঘটনা দুনিয়াজুড়ে পোশাকশিল্পে এবং ফ্যাশন শিল্পে বড় ধরনের পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করতে পারে। আর এই পরিবর্তন হলো পরিধেয় পোশাক সম্পর্কে সর্বস্তরের ক্রেতাদের সচেতন হওয়া এবং শ্রমিকদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিতকরণে চাপ তৈরি করা।
ফ্যাশন রেভল্যুশন ওয়েবসাইটে (http://fashionrevolution.org/) এবং ফেসবুক, টুইটারসহ সামাজিক গণমাধ্যমে জোরেশোরে প্রচারণা চালানো হচ্ছে। বিশ্বের অন্তত ৫০টি দেশে এই জোটের সমন্বয়কারীরা দিবসটি পালনের জন্য কাজ করছে। সর্বস্তরের জনগণকে এই কাজে অংশগ্রহণের জন্য যে আহ্বান করা হয়েছে, তা হলো: ২৪ এপ্রিল নিজেদের পরিধেয় পোশাক উল্টো করে পরিধান করা, উল্টো পোশাক পরার ছবি তোলা, ছবি সামাজিক গণমাধ্যমে যুক্ত করা এবং ব্র্যান্ডগুলোর কাছে প্রশ্ন করা যে, পরিধেয় পোশাক কে তৈরি করেছে।
ফেসবুক ও টুইটারে এ দিনটিতে রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণ, শ্রমিকদের অধিকার নিয়ে দাবি তোলা, ব্র্যান্ডগুলোর ওপর চাপ সৃষ্টি এবং সাধারণ ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানানো হবে। উদ্যোক্তারা বলছেন, ফ্যাশন শিল্পে ‘শোষণ ও দূষণ’ যে মাত্রায় উপনীত হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। আর তাই তাঁরা বলছেন, ‘যথেষ্ট হয়েছে।’
লন্ডনে সমারসেট হাউস থেকে হাউস অব লর্ডসে এবং গোটা বিলেতেই ক্যাটওয়াক ও প্যানেল আলোচনা হবে। বার্সেলোনায় হবে গণ ক্যাটওয়াক। নেপালে দেখানো হবে কীভাবে ডাইংয়ে দূষিত পানি থেকে বর্জ্য পরিষ্কার করা হয়। বাংলাদেশে পোশাক প্রস্তুতকারকেরা নিজেদের তৈরি পোশাক পরিধান করে একটি ফ্যাশন প্রদর্শনী করবেন। সুইজারল্যান্ডে প্রদর্শিত হবে দুনিয়াজুড়ে স্থানীয় শিল্পী ও বুটিক ফ্যাশনের কাজ।
যুক্তরাষ্ট্র, কানাডা, পানামা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, ইথিওপিয়া, স্পেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইংল্যান্ড, ভারত, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ ৫০টি দেশে ফ্যাশন রেভল্যুশনের সমন্বয়কারীরা কাজ করছেন।