ফ্যাসিবাদ কায়েমে গণমাধ্যমের ওপর দমন-পীড়ন: শত নাগরিক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ফ্যাসিবাদী শাসন কায়েম করতেই অব্যাহতভাবে গণমাধ্যমের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে বলে মনে করে বিএনপি-সমর্থক বিশিষ্ট জনদের সংগঠন শত নাগরিক জাতীয় কমিটি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কমিটি গণমাধ্যমের প্রতি সরকারি দলের সদস্যদের অব্যাহত আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

কমিটির সদস্যসচিব আবদুল হাই শিকদারের সই করা বিবৃতিতে বলা হয়, ‘সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ সব মামলায় জামিন পাওয়ার পরও মুক্তি না দেওয়া, দ্য ডেইলি স্টার বন্ধের দাবি ও ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামকে গ্রেপ্তারের জন্য দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা দায়ের এবং গণমাধ্যমের প্রতি সরকারি দলের সদস্যদের অব্যাহত আক্রমণের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
বিবৃতিতে বলা হয়, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ সব মামলায় জামিন পাওয়া সত্ত্বেও তাদের মুক্তি দিচ্ছে না। সারা দেশে অন্যায়ভাবে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ হয়রানিমূলক মামলার হিড়িক চলছে। এ ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য মোটেও ইতিবাচক নয়। এতে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিবৃতিতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও ইটিভির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালামের মুক্তি, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও মাহফুজ আনামের বিরুদ্ধে বিভিন্ন স্থানে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়।
অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, কবি আল মাহমুদ, মনিরুজ্জামান মিঞা, আনোয়ারউল্লাহ চৌধুরী, মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, খন্দকার মাহবুব হোসেন, সাদেক খান, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ বিবৃতিটি দিয়েছেন।