
মিয়ানমারের মানবাধিকারকর্মী ও গণহত্যা বিশেষজ্ঞ মং জার্নি বলেছেন, মিয়ানমারের বৌদ্ধ সমাজ তাদের বিবেক হারিয়ে ফ্যাসিবাদী ও বর্ণবিদ্বেষী সমাজে পরিণত হয়েছে। সেনাবাহিনীর ফ্যাসিবাদী মতাদর্শের প্ররোচনায় একটি সুন্দর সমাজব্যবস্থা পরিণত হয়েছে ফ্যাসিবাদী সমাজে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। প্রথম আলোর সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলাপচারিতায় মিয়ানমারের নির্বাসিত এই মানবাধিকারকর্মী তাঁর দেশের বিবর্তন সম্পর্কে নিজের বিশ্লেষণ তুলে ধরেন।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নিজের শৈশব আর বেড়ে ওঠা সমাজের বিবর্তনে নিজের দুঃখবোধ গোপন করেননি মং জার্নি। তিনি বলেন, ‘যে সমাজে আমি বেড়ে উঠেছি, তা আজ আর নেই। বিভিন্ন ধর্মবিশ্বাস ও সম্প্রদায়ের লোকজন একসঙ্গে একটা সমাজে বাস করত। সেখানে কখনো কখনো তাদের মধ্যে মতপার্থক্য ছিল। কিন্তু সেই ভিন্নমত কখনো সহিংসতায় রূপ নেয়নি। আমাদের বেড়ে ওঠার সময়ে সেনাবাহিনী পুরো সমাজে সেভাবে জেঁকে বসতে পারেনি। গণমাধ্যমও স্বাধীন ছিল।’ তিনি আরও বলেন, ১৯৬২ সালে নে উইন ক্ষমতায় আসার পরপরই সেনাবাহিনী সমাজসংস্কৃতির প্রতিটি স্তরে ক্ষমতার প্রভাব বিস্তার করতে শুরু করে।
মিয়ানমারের শাসনব্যবস্থাকে কর্তৃত্ববাদী আখ্যায়িত করে মং জার্নি বলেন, একটা সময় সমাজের অন্তর্নিহিত শক্তি ছিল। ভিক্ষুরা কর্তৃত্ববাদী শাসন আর ফ্যাসিবাদী আদর্শের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কিন্তু সেনাবাহিনী এসে এক ধর্মের লোকজনকে অন্য ধর্মের বিরুদ্ধে ব্যবহার করলেন। সেনাবাহিনীর ৫৫ বছরের ফ্যাসিবাদী শাসনের কারণে মিয়ানমার আজ এমন দুর্দশায় পড়েছে বলে মত দেন তিনি।
ওই মানবাধিকারকর্মীর মতে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থার প্রেক্ষিতে গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির প্রতি মিয়ানমারের জনগণের ব্যাপক সমর্থন ছিল। এই প্রেক্ষাপটে সু চি যখন ক্ষমতায় এলেন, জনগণের বিরাট প্রত্যাশা ছিল। এই পরিস্থিতিকে তিনি কীভাবে দেখেন জানতে চাইলে মং জার্নি বলেন, ’৮৮ সাল থেকেই গণতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য ছিল সামরিক স্বৈরশাসনের অবসান। এটা গণতান্ত্রিক আদর্শে উজ্জীবিত মূল্যবোধের চেয়ে আলাদা। ওই আন্দোলন ছিল গুলিবর্ষণ আর সহিংসতার বিরুদ্ধে।
সু চি ওই আন্দোলনকে ব্যবহার করেছেন—এমন অভিযোগ এনে মং জার্নি বলেন, তিনি সমগোত্রীয় অন্যদের মতো সেনাবাহিনীর ভাষায় কথা বলছেন। মানবাধিকার আর মানুষের জীবন সুরক্ষার কথা বলছেন না।
তাঁর মতে, পুরো সমাজকে কর্তৃত্ববাদী শাসনের পক্ষে নিয়ে যেতে সেনাবাহিনী সফল হয়েছে। এরা জার্মানির হিটলারের চেয়ে নিকৃষ্ট। সমাজের এই ধারণা প্রতিহত করা দরকার ছিল। অথচ দেশের ৯০ শতাংশের বেশি মানুষ এখন সেনাবাহিনীকে সমর্থন করছে।
সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লেইং দেশের প্রেসিডেন্ট হতে চান কি না, জানতে চাইলে মং জার্নি বলেন, তাঁর প্রেসিডেন্ট হওয়ার বাসনা আছে। জনগণ তাঁকে ভোট দিলে তিনি তা হতে পারেন। তিনি এখন মিয়ানমারের ‘মিলোসেভিচ’।
আর সু চির বিষয়ে তাঁর অভিমত হচ্ছে দেশে মিয়ানমারের নেত্রী নন্দিত হতে পারেন। তবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে তাঁর ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে, তা ফিরে পাওয়া কঠিন।
রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, দেশ হিসেবে বাংলাদেশের নিজস্ব স্বার্থ আছে। চীনের সঙ্গে সম্পর্ক আর আঞ্চলিক প্রেক্ষাপটে সরকারের একটা অবস্থান রয়েছে। তবে এ দেশের জনগণ রোহিঙ্গাদের প্রতি অসাধারণ উদারতা দেখিয়েছে। এবার তারা রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে দেখেনি। দেখেছে রোহিঙ্গারা গণহত্যার শিকার। এই অনুভূতি বেশ শক্তিশালী।