ফ্রাঙ্কফুর্টে বিমানের জলকামান শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ফ্রাঙ্কফুর্ট-ঢাকা রুটে বিমানের প্রথম ফ্লাইট বিজি-০৫৫ ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছালে জলকামান শুভেচ্ছা জানানো হয়।

জাতীয় পতাকাবাহী বিমানের এই ফ্লাইট ইউরোপের আকাশ সংযোগকারী অন্যতম বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টে আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে অবতরণ করে।

জলকামান শুভেচ্ছা হচ্ছে বিমান পরিবহন খাতে একটি প্রচলিত প্রথা। নতুন এয়ারলাইনসের বিমান প্রথম কোনো বিমানবন্দরে অবতরণ করলে সেখানে নতুন ফ্লাইটটির প্রতি শ্রদ্ধা জানাতে জলকামানের মাধ্যমে ফ্লাইটটির দুই দিকে পানি উত্সারিত করে এটি ধৌত করা হয়।

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের চিফ অপারেশন অফিসার পিটার সেচমিঝ বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিনের নেতৃত্বাধীন বিমানের প্রতিনিধিদলকে বিমানবন্দর লাউঞ্জে অভ্যর্থনা জানান। এখানে এক অভ্যর্থনা অনুষ্ঠানে চিফ অপারেশন অফিসার জার্মানিতে বিমানের নতুন রুটে সন্তোষ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে জার্মান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে।

বিমানের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন, জার্মানির সঙ্গে বাংলাদেশের সরাসরি সংযোগ দুই দেশের ব্যবসা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন দুয়ার খুলে দেবে। এতে দেশ দুটির জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ-জার্মানির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে। তিনি বলেন, জার্মানিতে বিমানের এই নতুন যাত্রায় সংস্থাটির ১৯তম গন্তব্যের সৃষ্টি হলো। এটি হচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটির আধুনিকায়নের চলমান প্রক্রিয়ার অংশ।

বিমানে নতুন যুক্ত বোয়িং ৭৭৭-৩০০ ইআর এই নতুন রুটে সপ্তাহে দুই দিন চলাচল করবে। বিজি-০৫৫ ফ্লাইট প্রতি সপ্তাহে শুক্র ও সোমবার ঢাকা থেকে উড্ডয়ন করে ফ্রাঙ্কফুর্টে অবতরণ করবে। একইভাবে বিজি ০৫৬ ফ্লাইট শুক্র ও সোমবার ফ্রাঙ্কফুর্ট থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে।

১৯৮৬ সালে ফ্রাঙ্কফুর্ট রুটে বিমান যাত্রা শুরু করে। ১৯ বছর চালু থাকার পর এয়ারক্রাফটের স্বল্পতার কারণে ২০০৬ সালে রুটটি বন্ধ হয়ে যায়। বর্তমান নতুন বিমান কেনার পর রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। বাসস