ফ্রান্স
ফ্রান্স আশা প্রকাশ করে বলেছে, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম করতে বাংলাদেশের সব রাজনৈতিক দল একটি অর্থবহ সংলাপ করতে সফল হবে। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রিনকুইয়ে গতকাল শনিবার তাঁর দেশের জাতীয় দিবসের আগে দেওয়া বাণীতে এ আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশ তার নির্বাচনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সময়ের দিকে এগোচ্ছে। আমরা আশা করি, সব দল একটি অর্থবহ আলোচনা আয়োজনে সফল হবে। আর এর মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।’ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) প্রসঙ্গে মিশেল ট্রিনকুইয়ে উল্লেখ করেন, এ সুবিধা অব্যাহত রাখতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী শ্রমমানের উন্নতি করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সরকার এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে, তার বিবেচনায় বলা যায়, এ সুবিধা স্থগিত করা কিংবা কেড়ে নেওয়াটা সমীচীন হবে না।