ফ্রান্স ও কুয়েতে সন্ত্রাসী হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের গ্যাস কারখানায় এবং কুয়েতের মসজিদে সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন, সন্ত্রাস এবং যেকোনো প্রকার উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে রয়েছে বাংলাদেশের মানুষ। খবর বাসসের।
ফ্রান্সের লিওঁ শহরের কাছে গত শুক্রবার একটি কারখানায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেখান থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তায় ফরাসি প্রেসিডেন্টকে বলেন, ‘ফরাসি জনগণ এবং বিশেষ করে সন্ত্রাসী হামলায় হতাহতদের আপনজনদের প্রতি গভীর শোক ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। নিষ্ঠুর সন্ত্রাসী বাহিনী আবার যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে তা মানবতার সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই সম্পূর্ণ নির্মূল করতে হবে।’
কুয়েতে বোমা হামলার নিন্দা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতে একটি মসজিদে বোমা হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কুয়েত এবং বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করতে তাঁর সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
শেখ হাসিনা গতকাল কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল হামাদ আল সাবাহর কাছে পাঠানো এক বার্তায় বোমা হামলায় হতাহতদের পরিবারের সদস্য ও দেশটির জনগণের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন। বার্তায় তিনি ওই হামলার ঘটনাকে খুবই দুঃখজনক ও উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন।