ফ্রান্সে দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশি বালক বহিষ্কারের শঙ্কায়
ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলন গতকাল শুক্রবার ফ্রান্সের অনূর্ধ্ব-১২ দাবায় চ্যাম্পিয়ন ফাহিম আলমের (১১) বহিষ্কারের বিষয়টি পুনর্বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশি বালক ফাহিম অবৈধভাবে ফ্রান্সে বসবাস করছে। তাই তাকে ফ্রান্স থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী ইন্টার রেডিওকে বলেন, দাবায় চ্যাম্পিয়ন এই বালককে ফ্রান্স থেকে বহিষ্কারের ক্ষেত্রে তার মেধা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আলম ২০০৮ সালে তার বাবার সঙ্গে ফ্রান্সে যায়। ২০১০ সালে তাদের ওই দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। একটি অভিবাসী সহায়তা সংস্থা তাকে নির্দিষ্ট সময়ের জন্য আশ্রয় দেয়। বর্তমানে সে প্যারিসের ক্রেতেই শহরতলিতে একটি দাবা ক্লাবের সঙ্গে জড়িত। ফরাসি দাবা ফেডারেশন জানায়, গত মাসে আলম ফ্রান্সের জুনিয়র চ্যাম্পিয়নশিপ জেতে। তার বৈধ কাগজপত্র থাকলে সে ফ্রান্সের জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যেতে পারবে। এএফপি।