ফ্রান্সে সামাজিক ব্যবসা উদ্যোগ চালু

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ফ্রান্সের প্যারিসের মেয়র অ্যান হিদালগো গত শুক্রবার প্যারিসের সিটি হলে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক ও প্যারা অলিম্পিক অন্তর্ভূক্তিমূলকভাবে উদযাপনের উপায় খুঁজে বের করতে দেশটির নেতৃস্থানীয় ১০০ জন সামাজিক ব্যবসা উদ্যোক্তাও ছিলেন। মেয়র হিদালগো প্যারিসে ইউনূস সেন্টার চালু করার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।
ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
প্যারিস অলিম্পিকের প্রধান নির্বাহী এতিয়েন থবয়ের অংশগ্রহণে অনুষ্ঠানে ফ্রান্সের খ্যাতনামা ১০০টি নবগঠিত কোম্পানি উদ্ভাবন, সংহতি ও বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে মতবিনিময় করতে এবং ২০২৪ অলিম্পিক গেমসের আয়োজনকে কীভাবে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে মিলিত হয়।
এই সভার মাধ্যমে বিভিন্ন আইডিয়ার একটি ফোরাম তৈরি হলো, যা পরবর্তীতে প্যারিসের লে ক্যানে অবস্থিত ইউনূস সেন্টারে বিভিন্ন নতুন সামাজিক ও উদ্ভাবনশীল ব্যবসার আইডিয়াগুলোকে আরও বিস্তৃত করবে।
অনুষ্ঠানে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নতুন ব্যবসাগুলো ও তাদের উদ্যোক্তারা আজ যে উৎসাহ দেখিয়েছেন তাতে আমি অভিভূত হয়েছি। প্যারিস অলিম্পিক আয়োজনের জন্য প্রতিযোগিতায় এবং এই গেমসকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক ও সামাজিকভাবে দায়বদ্ধ করার লক্ষ্যে সহযোগিতা করতে তাঁদের ঐকান্তিক লক্ষ্যে ও পরিষ্কার আগ্রহ এতে সুস্পষ্ট।’ প্যারিসবাসীর উৎসাহ ও নীতিগত সমর্থনে প্যারিসকে আগামী দিনগুলোতে সামাজিক ব্যবসার বৈশ্বিক কেন্দ্র হিসেবে দেখতে পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। উদ্যোক্তাদের যতটা সম্ভব উদ্ভাবনশীল হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রথম নোবেল জয়ী অধ্যাপক ড. ইউনূস শ্রোতাদের উদ্দেশ্য বলেন, ‘একজন উদ্যোক্তা হিসেবে সামনে থাকা যে-কোনো সমস্যারই আমরা সমাধান করতে পারি। আমরা যদি আমাদের সৃষ্টিশীল ক্ষমতা ব্যবহারের সিদ্ধান্ত নিই, পৃথিবীর যে-কোনো সমস্যারই সমাধান করা আমাদের পক্ষে সম্ভব।’
প্যারিসের মেয়র অ্যান হিদালগো তার শীর্ষ নির্বাহীবৃন্দ ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি পৃথক কৌশলগত অধিবেশনে মিলিত হন। প্যারিস অলিম্পিককে ইতিহাসে অনবদ্য করে রাখতে তাঁরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। মেয়র হিদালগো প্যারিসে ইউনূস সেন্টার চালু করার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান। প্যারিসে অবস্থিত এই ইউনূস সেন্টারটি ফ্রান্স ও বৃহত্তর ইউরোপে সামাজিক ব্যবসাকে বিভিন্নভাবে সহযোগিতা করবে।