ফ্রান্সে হামলার নিন্দা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল শুক্রবার পৃথক শোকবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ এবং নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, বাংলাদেশ সব সময় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় ফ্রান্সের পাশে থাকবে।
আসেম সম্মেলন উপলক্ষে বর্তমানে মঙ্গোলিয়ায় অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ বরাবরের মতোই ফ্রান্সের জনগণের পাশে রয়েছে। তিনি কাপুরুষোচিত হামলার ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন।
গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া ওই সন্ত্রাসী হামলার তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নির্মম ও পৈশাচিক হামলা এখনই প্রতিরোধ করতে না পারলে সারা বিশ্ব হুমকিতে পড়বে। ওই নৃশংস ঘটনায় দায়ী ও চক্রান্তকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরে একটি অনুষ্ঠানে জনতার ওপর চলন্ত ট্রাক উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৮৪ জন নিহত হন।