ফ্রান্সের নাইট উপাধিতে ভূষিত শিল্পী শাহাবুদ্দিন

বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদ ফ্রান্সের ‘নাইট ইন দি অর্ডার অব দি আর্টস অ্যান্ড লিটারেচার’ উপাধি লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। এর আগে বাংলাদেশ থেকে এ পুরস্কার পেয়েছেন বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও মূকাভিনয়শিল্পী পার্থপ্রতিম মজুমদার। খবর বাসস ও ইউএনবির।
এক অভিনন্দন বার্তায় ফ্রান্সের সংস্কৃতি ও যোগাযোগমন্ত্রী অরিলি ফিলিপেত্তি ফরাসি সংস্কৃতিতে শিল্পী শাহাবুদ্দিনের অবদান ও অঙ্গীকারের কথা উল্লেখ করেন। ফ্রান্স অথবা বিশ্বের শিল্প ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৫৭ সাল থেকে এ উপাধি দেয় ফ্রান্স।
শাহাবুদ্দিনের পৈতৃক নিবাস নরসিংদী জেলায়। তিনি ১৯৭৪ সাল থেকে প্যারিসে বসবাস করছেন। তিন দশক ধরে তাঁর চিত্রকর্ম বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়ে আসছে। চিত্রকর্মে প্রাচ্য ও পাশ্চাত্য রীতির সম্মিলন ঘটিয়ে নতুন ধারা নিয়ে এসেছেন তিনি, যা তাঁকে ইউরোপীয় চিত্রপ্রেমিকদের মধ্যে অনন্য করে তুলেছে। এ উপাধি পাওয়ায় শিল্পী শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।