ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক ও ডিপ্লোমা পেলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বাস্তবায়নের সময়সীমা ২০১৫ সালের মধ্যে দেশের এক কোটি ২০ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘২০২১ সাল নাগাদ “ডিজিটাল বাংলাদেশ” এবং দেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’গতকাল বুধবার ফ্রান্সের ডুঁফিন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপদান ও শক্তিশালীকরণ এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণপদক ও ডিপ্লোমা সনদ দিয়েছে ডুঁফিন বিশ্ববিদ্যালয়। স্বর্ণপদক ও সনদ প্রদান উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনবি ও বাসসের।ডুঁফিন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লঁরা ব্যাতস প্রধানমন্ত্রীর হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এই সম্মানজনক পদক ও সনদ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘এটা আমাদের দেশ ও দেশের ১৬ কোটি মানুষের জন্য এক বিরল সম্মান।’শেখ হাসিনা বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ৪৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়, যার অনেকগুলোতে সভাপতিত্ব করছেন বিরোধী দল ও অন্য দলের সাংসদেরা। জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন গঠন ও তা শক্তিশালী করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সফলভাবে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করেছি। একই সঙ্গে নির্বাহী বিভাগের ওপর সংসদীয় পর্যবেক্ষণ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।’ শেখ হাসিনা আরও বলেন, সেনাবাহিনীর ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করে সম্প্রতি রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর ফলে ভবিষ্যতে অগণতান্ত্রিক পদক্ষেপ নিরুৎসাহিত হবে।দারিদ্র্য ও বৈষম্যকে দেশের একমাত্র শত্রু অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে তা নিরসনে সরকার কাজ করছে। আমি মনে করি, এ ক্ষেত্রে প্রধান হাতিয়ার শিক্ষা।’শেখ হাসিনা জানান, তাঁর সরকার জাতীয় বাজেটে শিক্ষা খাতেই সবচেয়ে বেশি বরাদ্দ দিচ্ছে। সরকারের লক্ষ্য এ বছরের মধ্যে শতভাগ শিশুকে স্কুলে নিয়ে যাওয়া এবং ২০১৪ সাল নাগাদ দেশে শিক্ষার হার শতভাগ করা।স্নাতক পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পাড়ানোর পরিকল্পনা আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের কারিগরি শিক্ষার প্রতি আকৃষ্ট করতে দেশে তিনটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।শেখ হাসিনা বলেন, ‘রাজনীতি, প্রশাসন, সশস্ত্র বাহিনীসহ সব ক্ষেত্রে আমরা নারীদের উৎসাহিত করছি। দেশের বাইরে জাতিসংঘের শান্তি মিশনেও নারীরা কাজ করছেন।’দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পরিকল্পিত ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকের মধ্যে ইতিমধ্যে ১১ হাজার প্রতিষ্ঠিত হয়ে গেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ক্লিনিকে প্রায় ছয় হাজার মানুষ চিকিৎসাসেবা পাবে। তিনি বলেন, ‘শিশুমৃত্যুর হার ৫০ শতাংশ কমানোর সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে আমরা এমডিজি পুরস্কার পেয়েছি। এমডিজির অন্যান্য লক্ষ্য পূরণে, বিশেষ করে দারিদ্র্য দূরীকরণ, সর্বজনীন প্রাথমিক শিক্ষা ও লিঙ্গবৈষম্য দূরীকরণের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি।’প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় তাঁর সরকার ১৩৪ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে নদী খনন, জীববৈচিত্র্য সংরক্ষণ, নদীর তীর মজবুতকরণ, উপকূলীয় এলাকায় বনায়ন, বিভিন্ন জাতের ফসল উদ্ভাবন।অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম আবদুল করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম এনামুল কবির উপস্থিত ছিলেন।