ফ্রান্সের মালেন্দার আর বাংলাদেশি নারী রাইডারদের গল্প

আরে সেদিন ফেসবুকে নতুন বাইকের একটা ভিডিও দেখলাম, কী যে সুন্দর! রিকশা সাইড দেয়নি, বাম্পারটা ফেটে গেছে। আপনারটার ওয়েট কত? আমার ছোট চাকা একদম ভালো লাগে না। আমার ডান হাতের ব্রেকে একটু সমস্যা হয়। আজই প্রথম ফ্লাইওভারে চালালাম। স্পিডের মজা পেলে আর আস্তে চালাতে ইচ্ছে করে না।
বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে মোটরবাইক-সংক্রান্ত আলোচনা। তবে এ আলোচনায় অংশগ্রহণকারীরা সবাই নারী। তাঁরা আলোচনা করছেন কার মোটরবাইক কত সুন্দর, কারটা বেশি স্পিডে চলে—এসব নিয়ে।
আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বাইক চালিয়ে একেকজন হাজির হচ্ছিলেন। কুশলবিনিময়ের পরেই শুরু হচ্ছিল বাইক নিয়ে আলোচনা।
এনজিওতে কর্মরত অ্যানি রডরিক, বেসরকারি সংস্থায় কর্মরত চার বছর বয়সী সন্তানের মা ফাহমিদা আবদীন, বেসরকারি সংস্থায় কর্মরত সাত বছর বয়সী সন্তানের মা তামান্না বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী তানজিলা হাসান, বেসরকারি সংস্থায় কর্মরত মাহিনুর আক্তারদের আলোচনাটা মাত্র জমতে শুরু করেছে। তখন সেখানে বাইক নিয়ে যিনি হাজির হলেন, তাঁকে দেখে সবার মাথা খারাপ হওয়ার অবস্থা। ব্যক্তির চেয়ে ব্যক্তির বাইকটিই সবার মনোযোগ আকর্ষণ করছে।
বাইক চালিয়ে যিনি এসেছেন, তিনি ফ্রান্সের মোটরসাইক্লিস্ট ম্যালুসিন মালেন্দার। বাংলাদেশের বাইক চালানো নারীরা বাইক চালিয়ে এখন পর্যন্ত কেউ ঢাকার বাইরে যাননি। আর মালেন্দার তাঁর ৮০০ সিসির বাইক চালিয়ে ফ্রান্স থেকে চলে এসেছেন বাংলাদেশে। শুধু বাংলাদেশ নয়, ঘুরেছেন বিশ্বের অনেকগুলো দেশ। মালেন্দারের বাইক ও হেলমেটের বিভিন্ন জায়গায় ভিডিও ক্যামেরা বসানো। বাইকের পেছনে কয়েকটি বক্স, সেখানেই থাকে তাঁর নিত্যব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র। বাইক চালিয়ে শুধু দেশ দেখা নয়, ওই সব দেশের নারীরা কেমন আছেন, তা নিয়ে তিনি ডকুমেন্টারি বানান। তাই বাইক চালানোর ফাঁকে ফাঁকে চলে ভিডিও করার কাজ। নিজের কথাগুলোও নিজেই ভিডিও করেন। টাইগার ৮০০ এক্সসিএ বাইক দিয়ে পাহাড়ি রাস্তাসহ সব ধরনের রাস্তায় দাপিয়ে বেড়ান তিনি। এবারের সফরে বাংলাদেশ থেকে নেপাল, পাকিস্তান, ইরান হয়ে দেশে ফিরবেন। মালেন্দারের বাইকে লাগানো আছে বিশ্বের মানচিত্র। লেখা আছে ‘রোডস ফর ফ্রিডম’। ২০১৫-১৬ সালে তিনি কোন কোন দেশে গিয়েছেন এবং যাবেন, তারও নাম লেখা আছে। সংসদ ভবনের সামনে মালেন্দার পৌঁছানোর পর আশপাশের লোকজনের ভিড় জমে যায় তাঁকে এবং তাঁর বাইকটি দেখার জন্য।
সাত সকালে সংসদ ভবনের সামনে আসা এবং বাংলাদেশি রাইডারদের সঙ্গে মিলিত হওয়ার কাহিনি বললেন কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভেলপার ইসরাত খান মজলিশ। তিনি বাংলাদেশ উইমেন রাইডার্স ক্লাবের প্রেসিডেন্ট। ২০১৩ সাল থেকে যাত্রা শুরু করা ক্লাবের সদস্য ৫০ নারী। এর বাইরে ফেসবুক গ্রুপের মাধ্যমেও অনেকে সংহতি প্রকাশ করেছেন। ঢাকার বাইরেও আছেন কয়েকজন।
ইসরাত খান জানালেন, দেশে নারী রাইডারদের কোনো ক্লাব ছিল না। বাইক-সংক্রান্ত সমস্যা সমাধান, মেয়েরা রাস্তায় যে ধরনের সমস্যায় পড়ে, সবকিছু নিয়ে আলোচনা ও একসঙ্গে থেকে সমস্যার সমাধানের জন্যই মূলত ক্লাবের যাত্রা শুরু। তবে শুধু বাইক নিয়ে থেমে নেই ক্লাবের সদস্যরা। নারী নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচিতেও হাজির হচ্ছেন সদস্যরা।
অন্যদিকে ফ্রান্সের নিউজ এজেন্সি জ্যাবলিন জিও ডটকমের ভিডিও ডকুমেন্টারির কাজ করা মালেন্দারেরও বাইকিং ক্লাব আছে। বাইক নিয়ে ঘুরছেন দেশ থেকে দেশান্তরে। তাঁর সঙ্গে ইসরাত খানের ফেসবুকের মাধ্যমেই পরিচয়। মালেন্দার বাংলাদেশে আসার পর আজ সবাই মিলে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে সবাই শীতের পাখি দেখবেন। মজা করবেন। তারপর কাল রোববার অ্যাসিডদগ্ধ এক নারীর সাক্ষাৎকার নিয়ে মালেন্দার সুন্দরবনের পথে পা বাড়াবেন।
মালেন্দারের সঙ্গে একই নিউজ এজেন্সিতে ফটোগ্রাফার হিসেবে কাজ করা বাংলাদেশি সুমন পাল মালেন্দারের সম্পর্কে বলেন, ‘ও খুব বাস্তববাদী। নিউজ এজেন্সি ও অন্যান্য স্পনসরের সহায়তায় ও বিভিন্ন দেশ ঘুরছে। তবে দামি হোটেলে থাকা, খাওয়া একদম পছন্দ করে না।’
প্রায় দুই সপ্তাহ আগে বাংলাদেশে আসা মালেন্দার আগামী ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়বেন। এখনো সংসারের জালে আবদ্ধ না হওয়া মালেন্দার হাসিমুখেই জানালেন, বাংলাদেশের মানুষ খুব বন্ধুবৎসল। কক্সবাজার ঘুরে এসেছেন। রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করেছেন। এ দেশের রূপ দেখে তিনি মুগ্ধ।
কথার ফাঁকে একজন পথচারীর সঙ্গে মালেন্দার হেসে হেসে অনেকক্ষণ কথা বললেন। তবে পথচারী বাংলায় আর মালেন্দার ইংরেজিতে কথা বললেন। পথচারী শেষে খুব আন্তরিকতার সঙ্গে বললেন, আবার আসবেন বাংলাদেশে। মালেন্দার কী বুঝলেন কে জানে, মাথা নেড়ে সায় দিলেন।
সংক্ষিপ্ত পরিচয়পর্বের পর ইসরাত খান মজলিশ জানিয়ে দিলেন, বাইক নিয়ে সবাই পিপীলিকার মতো সারিবদ্ধভাবে রওনা দেবে। বাইকের সর্বোচ্চ গতিসীমা ৪০ থেকে ৫০ এর মধ্যে রাখতে হবে। গতিসীমা শুনে মালেন্দারের খুব একটা পছন্দ হলো না। তাঁর তো রাস্তা দাপিয়ে বেড়ানো অভ্যাস। তবে ইসরাত খান জানিয়ে দিলেন, নিরাপত্তা সবার আগে।