ফ্রি-স্কুল স্ট্রিটে চার দিন ধরে পানি নেই
হাতিরপুল ফ্রি-স্কুল স্ট্রিট এলাকায় চার দিন ধরে পানি নেই। পানির কষ্টে এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে আছেন। অনেকে গভীর রাত পর্যন্ত জেগেও পানি পাচ্ছেন না বলে জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে এলাকায় গিয়ে জানা যায়, ঢাকা ওয়াসার পক্ষ থেকে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত পানি পাওয়া যাবে বলে বলা হলেও রাত দুটোতেও পাওয়া যায় না। পানির গাড়ি কিনতে হয় বেশি দামে।
ওয়াসার উদ্যোগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) চওড়া পাইপ বসানোর পর থেকে এলাকায় মাঝে মাঝেই পানি থাকে না। আহমদ উল্লাহ নামের এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘এডিবির পাইপলাইন বসানোর সময় ওয়াসার স্থানীয় আঞ্চলিক কার্যালয় থেকে বলা হয়েছিল পানির সমস্যা হবে না। কিন্তু এখন মাঝে মাঝেই পানি থাকে না। গত শুক্রবার এলাকার প্রতিটি বাসিন্দা সবচেয়ে বেশি পানির কষ্টে ছিলেন। ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে গেলে বলা হয়েছিল এলাকার পানির কিছু সমস্যা থাকায় সময় ভাগ করে দেওয়া হয়েছে। রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত পানি থাকবে। অথচ প্রতি রাত দুইটা, তিনটা পর্যন্ত অপেক্ষা করেও পানি পাওয়া যায় না।’ এলাকার অন্য বাসিন্দারা বলেন, পুরোনো লাইনে বেশির ভাগ সময়ই পানি পাওয়া যেত। এখন মোটর দিয়ে টেনেও পানি আসে না। অথচ ওয়াসা বলেছিল মোটর ছাড়াই অন্তত ২০ ফুট ওপরে পানির বেগ ভালো থাকবে। তাঁরা বলেন, বছর খানেক আগে পানির নতুন লাইনের পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়া হয়। এই খোঁড়াখুঁড়ির কারণে রাস্তায় হাঁটাই দুষ্কর হয়ে গিয়েছিল। তারপরও এলাকাবাসী ভেবেছিলেন, নিয়মিত পর্যাপ্ত ও বিশুদ্ধ পানি পাওয়ার স্বার্থে এই দুর্ভোগ সহ্য করাই যায়। কিন্তু বাস্তবে তা হয়নি।
এলাকা ঘুরে দেখা যায়, বিশেষ করে ৩৮৭ নম্বর বাড়ি থেকে ৩৯৫ নম্বর বাড়িতে পানি প্রায় নেই। প্রতিটি বাড়িতেই চওড়া পাইপ ও নতুন মিটার। এলাকাবাসী বলেন ওয়াসায় অভিযোগ জানালে পানি কিনতে বলা হয়। পানির গাড়ি চাইলে গায়ে লেখা মূল্যের বাইরে অতিরিক্ত হারে ‘বকশিশ’ চাওয়া হয়।
লালমাটিয়ায় ঢাকা ওয়াসার ৩ নম্বর আঞ্চলিক কার্যালয় থেকে বলা হয়, এলাকায় একটি নতুন গভীর নলকূপ বসানো জরুরি। তাহলেই পর্যাপ্ত পানি বিতরণ সম্ভব। কিন্তু জায়গা পাওয়া যাচ্ছে না।