ফ্রিজ-এসি মেরামতের দোকানে বিস্ফোরণ, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে গতকাল সোমবার সন্ধ্যায় রেফ্রিজারেটর (ফ্রিজ) ও এসি মেরামতের দোকানে বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন দুজন।উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচায় মান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের দোকানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের একজনের নাম আরিফ (২৮)। অন্যজন দোকানের মালিক হেলাল (৩৫) বলে শনাক্ত করেছেন তাঁর ভাই শাহাদাত। আহত দুজন হলেন শাহীন (২৫) ও জাহাঙ্গীর (৩৫)।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, এলপি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ১০ ফুট বাই আট ফুটের ওই দোকানে আগুন ধরে যায়। বিস্ফোরণে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নেভায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত পৌনে আটটার দিকে চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন। তাঁদের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। একজনের পা উড়ে গেছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, দোকানটিতে সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজনের মৃত্যু হয়েছে।